ছয় লাখ টন পণ্য নিয়ে ভাসছে ৩০০ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং দেশের বিভিন্ন ঘাটে এক-দেড় মাস ধরে ৩০০ ছোট-বড় জাহাজ পানিতে ভাসছে। এসব জাহাজে প্রায় সাড়ে ছয় লাখ মেট্রিক টন খাদ্যশস্য ও পণ্যসামগ্রী রয়েছে। সময়মতো পণ্য খালাস না হওয়ায় দেশি-বিদেশি জাহাজের ভাড়া দিন দিন বাড়ছে। আর এই বাড়তি ভাড়ার টাকা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে আদায় করা হবে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৩টি সমুদ্রে চলাচলকারী জাহাজে তিন লাখ মেট্রিক লাখ টন পণ্যসামগ্রী আছে। বাকি আড়াই লাখ টন পণ্য নিয়ে আরও প্রায় ২৬০টি দেশি ছোট জাহাজ (লাইটার) দেশের বিভিন্ন সমুদ্র ও নদীবন্দরের ঘাটে দাঁড়িয়ে আছে। বহির্নোঙরের বড় জাহাজ থেকে পণ্য খালাস করে তা নদীপথে দেশের ৬২টি গন্তব্যে পৌঁছে দেয়। এ কাজে মোট প্রায় ৪৫০টি লাইটার জাহাজ নিয়োজিত।বন্দর সূত্র ও ব্যবসায়ীরা জানান, এসব জাহাজে আটকে পড়া পণ্যের মধ্যে আছে প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল, সাত হাজার টন ডাল, দেড় লাখ মেট্রিক টন গম, আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া ও পটাশ সার এবং দুই লাখ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও জিপসাম।জাহাজ মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যভর্তি ছোট জাহাজ ঘাটে ভিড়লেও গুদামসংকট, সময়মতো ট্রাক না পাওয়া এবং শ্রমিকস্বল্পতার কারণে পণ্য খালাস হচ্ছে না। ফলে এসব জাহাজ ফিরে আবার বড় জাহাজের পণ্য খালাস করতে অনেক সময় লাগছে। এ কারণে বড় জাহাজের অবস্থান-সময়ও দীর্ঘায়িত হচ্ছে। এতে জাহাজের বাড়তি ভাড়া পণ্যের পরিবহন খরচের সঙ্গে যুক্ত হচ্ছে। পণ্যমূল্য বাড়িয়ে এ বাড়তি ব্যয় ক্রেতাদের কাছ থেকেই আদায় করা হবে। আবার সময়মতো পণ্য খালাস না হওয়ায় শিল্পকারখানার কাঁচামালের অভাব যেমন দেখা দিচ্ছে, তেমনি ভোগ্যপণ্যের বাজারেও সরবরাহ-সংকট সৃষ্টি হচ্ছে।মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ঘাটে খালাসে বিলম্বের কারণে বড় জাহাজ এবং লাইটার জাহাজে আমাদের অনেক টাকা ক্ষতি হচ্ছে। এ কারণে পণ্য পরিবহনব্যয় কেজিতে আট আনা থেকে এক টাকা বেড়ে যাচ্ছে। এটা তো আমরা নিজের পকেট থেকে দিতে পারি না।’লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) গতকাল শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, পণ্যভর্তি অন্তত ২৬০টি লাইটার জাহাজ দেশের বিভিন্ন ঘাটে আটকে আছে। এসব জাহাজে পণ্যসামগ্রী আছে আড়াই লাখ টন। এর মধ্যে পাবনার নগরবাড়ী, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, ফরিদপুর, ভোলা ও রাজধানীর মিরপুর ঘাটে পণ্য খালাসের অপেক্ষায় আছে ১২৮টি ছোট জাহাজ। এর মধ্যে সার ও সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজের সংখ্যাই বেশি।ডব্লিউটিসির সহসমন্বয়কারী মো. খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ‘তীরে পণ্য নামানোর জায়গা না থাকায় লাইটার জাহাজগুলো এক-দেড় মাস ধরে ঘাটে দাঁড়িয়ে থাকছে। আমরা দণ্ডভাড়া আরোপ করেও পরিস্থিতির উন্নতি করতে পারছি না। অথচ স্বাভাবিক অবস্থায় বড় জাহাজ থেকে পণ্য নিয়ে তা ঘাটে খালাস করে ফিরে আসতে ছোট জাহাজের ১০-১৫ দিনের বেশি লাগার কথা নয়।’বন্দরের পরিসংখ্যান থেকে দেখা যায়, বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজগুলো থেকে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত দুই হাজার মেট্রিক টন পণ্য খালাস হওয়ার কথা। প্রয়োজনীয় ছোট জাহাজের অভাবে বেশির ভাগ জাহাজ থেকে দিনে পণ্য খালাস হচ্ছে ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন।নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের একজন বড় আমদানিকারক জানান, ছোট জাহাজের স্বল্পতার কারণে একটি জাহাজ থেকে ৩৩ হাজার মেট্রিক টন গম খালাস করতে ২০ দিন বেশি সময় লেগেছে। এ জন্য জাহাজের বাড়তি ভাড়া দিতে হয়েছে দুই লাখ মার্কিন ডলার (এক কোটি ৪০ লাখ টাকা)।