ছয় লাখ পোলিং এজেন্ট প্রশিক্ষণ দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সামনে রেখে সারা দেশে ছয় লাখ পোলিং এজেন্টকে (নির্বাচন প্রতিনিধি) প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ। শিগগিরই দলের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে জেলাভিত্তিক প্রশিক্ষণের কাজ শুরু হবে।দলের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হচ্ছে। পদাধিকারবলে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এবারও কমিটির কো-চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তবে এবার দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীকে দলের নির্বাচনী কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর অপর উপদেষ্টা মসিউর রহমানও দলের নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সাংসদ সাবের হোসেন চৌধুরীকে ডেকে দলের নির্বাচনী প্রস্তুতিমূলক কাজের দায়িত্ব পালন করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও কদিন আগে টেলিফোনে সাবের চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। জানতে চাইলে এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠনের কাজ প্রক্রিয়াধীন আছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পুরোনো কমিটিকে নিয়েই আপাতত কাজ শুরু করা হচ্ছে। তিনি জানান, সাবের হোসেন চৌধুরীকে পোলিং এজেন্ট প্রশিক্ষণসহ দলের নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেন এবং কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে গত শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে এইচ টি ইমাম, সাবের হোসেন চৌধুরী, দলীয় সহসম্পাদক এ বি এম রিয়াজুল কবীর কাওছারসহ সাবেক কয়েকজন আমলা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনী প্রস্তুতিমূলক কাজের মধ্যে পোলিং এজেন্ট মনোনয়ন ও প্রশিক্ষণ, দলীয় প্রচার এবং সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে এলাকায় জরিপ চালানোর বিষয়টি অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা হয়। অন্য দলের সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ নেওয়ার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়। সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটি প্রাথমিকভাবে দলের তৃণমূলের সঙ্গে সাংসদদের সম্পর্কের বিষয়ে খোঁজ নেবে। পাশাপাশি সাংসদ ও দলীয় উপজেলা চেয়ারম্যানের সম্পর্কের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হবে। এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সফরে প্রত্যেক প্রতিনিধিদলের কাছে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি ফরম দেওয়া হবে। এলাকার সার্বিক চিত্র পেতে ফরমে বেশ কয়েকটি প্রশ্ন পূরণ করে আনা হবে। সাংগঠনিক সফর: আগামী ১ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হচ্ছে। দলের শীর্ষস্থানীয় নেতাদের নেতৃত্বে ১৫টি দলে বিভক্ত হয়ে কেন্দ্রীয় নেতারা সারা দেশ সফর করবেন। এই সফর সফল করতে দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়েছেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে সফরের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবেন। এই ১৫টি দলের নেতৃত্বে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায় ও কাজী জাফর উল্যাহ।