ছয় সপ্তাহের জামিন পেলেন পাঁচ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় পাঁচ সাংসদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এলডিপির সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ । তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনের জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। কেন তাদের জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুর দুইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের জামিন আবেদনের (ফৌজদারি বিধি) ওপর শুনানি হয়। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির পরে এ রায় দেন। এ সময় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।১৬ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠান। পরদিন ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে পৃথক ১৬টি আবেদনের মাধ্যমে ৩৩ নেতার পক্ষে জামিনের আবেদন করা হয়।গত ২৩ মে ওই মামলায় মহানগর দায়রা জজ আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিন আবেদন নাকচ করে দেন। এরপর গতকাল ও আজ এই নেতাদের পক্ষে ফৌজদারি বিধিতে জামিনের আবেদন করা হয়।২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।