পুরস্কার বিতরণ ও বিদায়ী নৈশভোজের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হবে বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় মেধার লড়াই—আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এবারের ৫১তম আইএমও অনুষ্ঠিত হচ্ছে। আজ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে।এর আগে গত রোববার রাতে বিচারকদের শেষ সভায় ফলাফল চূড়ান্ত করা হয়। এবারের আইএমওতে শিক্ষার্থীদের মধ্যে যারা ৪২-এর মধ্যে ২৭ বা এর বেশি নম্বর পেয়েছে, তারা স্বর্ণপদক; যারা ২১-এর বেশি কিন্তু ২৭-এর কম পেয়েছে, তারা রৌপ্যপদক এবং যারা ১৫-এর বেশি কিন্তু ২১-এর কম পেয়েছে, তারা ব্রোঞ্জপদক জিতেছে। গেল কয়েকবারের মতো চীনের শিক্ষার্থীরা ছয়টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান লাভ করেছে। তাদের মোট অর্জন ১৯৭ পয়েন্ট। চারটি সোনা, দুটি রৌপ্য এবং মোট ১৬৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে রাশিয়া ফেডারেশন। তিনটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক নিয়ে তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের আইএমওতে চীনের শিক্ষার্থী জিপেই নিই ৪২-এর মধ্যে ৪২ পেয়ে সেরাদের সেরা হয়েছে।উপমহাদেশের দেশগুলোর মধ্যে দুটি রৌপ্য, একটি ব্রোঞ্জপদক এবং মোট ৯৮ পয়েন্ট নিয়ে ভারতের দলীয় অবস্থান ৩৬তম। শ্রীলঙ্কা একটি ব্রোঞ্জপদক ও ৭৮ পয়েন্ট নিয়ে ৫১তম এবং বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক ও ৫৪ পয়েন্ট নিয়ে ৬৯তম স্থান লাভ করেছে। তবে এবার বাংলাদেশ গণিত দলে ছয়জন প্রতিযোগীর জায়গায় পাঁচজন আইএমওতে অংশ নিয়েছে। উপমহাদেশের অন্য দেশ পাকিস্তান কোনো পদক পায়নি। ১৯ পয়েন্ট নিয়ে পাকিস্তানের দলীয় অবস্থান ৮৯তম।এবারের আইএমওতে সৌদি আরব দুটি ব্রোঞ্জপদক পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণিতবিদদের নিবিড় তত্ত্বাবধানে নয় মাসের প্রশিক্ষণে এই ফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন সৌদি দলনেতা। এবার মোট ৯৮টি দেশ অংশ নিলেও উত্তর কোরিয়া মাঝপথে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ফলে ৯৭টি দেশের ৫১৭ জন শিক্ষার্থীর মধ্যে মূল লড়াই হয়েছে।বাংলাদেশ দলের পক্ষে তারিক আদনান ২০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক লাভ করেছে। ১ পয়েন্টের জন্য রৌপ্যপদক পায়নি সে। দলের বাকি চার সদস্যের মধ্যে হক মুহাম্মদ ইশফাক ১৩, কাজী হাসান জুবায়ের ১২ ও নাফিজা আনজুম ৭ পয়েন্ট পেয়ে অনারেবল ম্যানশন লাভ করেছে। আর দলের অন্য সদস্য প্রাণন রহমান খান ২ পয়েন্ট পেয়েছে।বাংলাদেশ গণিত দলের কোচ ও দলনেতা মাহবুব মজুমদার শিক্ষার্থীদের সাফল্যে খুশি। তবে তিনি মনে করেন, বাংলাদেশের শিক্ষার্থীদের আরও ভালো করার সুযোগ ছিল। ক্রমাগত অংশগ্রহণের ফলে যে যোগ্যতা বাংলাদেশের শিক্ষার্থীরা অর্জন করছে, তা আগামী আইএমওগুলোতে কাজে লাগবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ গণিত দল দেশে ফিরবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায়।এবার ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিয়েছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫১তম আইএমওর জন্য পাঁচজনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।