ছয় হাজার একর পাহাড়, টিলা ও জমি বন্দোবস্তের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার পাহাড়-টিলাবেষ্টিত প্রায় ছয় হাজার একর খাসজমি চারটি চা কোম্পানিকে বন্দোবস্ত দিতে তোড়জোড় শুরু করেছে জেলা প্রশাসন। আবেদনকারীদের কেউ কেউ আওয়ামী লীগের নেতা ও অন্যরা প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ওই এলাকায় বংশপরম্পরায় বসবাস করা প্রায় ১৫ হাজার ভূমিহীন পরিবারে উচ্ছেদ-আতঙ্ক দেখা দিয়েছে।পুরো এলাকা দুটি ইউনিয়নে হওয়ায় ১১টি মহল্লার বাসিন্দারা চা-বাগানের বন্দোবস্ত ঠেকাতে মহল্লাভিত্তিক কমিটি গঠন করে আন্দোলন শুরু করেছেন। গত বুধবার জৈন্তাপুর উপজেলা সদরে ওই এলাকার বাসিন্দারা মিছিল করেন। আজ বুধবার তাঁরা প্রতিবাদ সমাবেশ ডেকেছেন। বন্দোবস্ত প্রক্রিয়াধীন ভূমি: জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্র জানায়, অকৃষি খাসভূমি হিসেবে জৈন্তাপুর উপজেলার নিজপাট ও চারিকাটা ইউনিয়নের বিভিন্ন দাগে ছয় হাজার ২৯৬ একর ৪৩ শতক জমি বন্দোবস্তের জন্য আবেদন করেছে চারটি কোম্পানি। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের ভূমি-সংশ্লিষ্ট শাখা বাউরবাগ দক্ষিণ, নয়খেলপূর্ব, গৌরীশ্বর, লালাগ্রাউন্ড, কালিঞ্জীবাড়ি, হর্ণী, গুয়াবাড়ি, তুমইরপুঞ্জি, বাইরাখেল, জালিয়ারখলা ও লালাখাল গ্রান্ট মৌজার খাস খতিয়ানে থাকা অকৃষি জমিগুলো চিহ্নিত করেছে। এসব মৌজায় ৩২টি টিলা, সাতটি পাহাড়, সুপারি, কাঁঠালসহ ফলদ গাছগাছালি রয়েছে। সমতলে কাটাগাঙ, বড়গাঙ, সারী নামের তিনটি নদীর অববাহিকায় বিপুল পরিমাণ ফসলি জমিও রয়েছে। ইউনিয়ন ভূমি সহকারীর কার্যালয় থেকে জৈন্তাপুরের সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে পাঠানো প্রতিবেদনগুলো পর্যবেক্ষণে দেখা গেছে, চার কোম্পানির অনুকূলে নতুন চা-বাগান ‘সৃজন’ করার পক্ষে মতামত দেওয়া হয়। তবে জনবসতি উচ্ছেদ করতে গেলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।গোপনে চলছিল প্রক্রিয়া: বিশাল ভূসম্পত্তি বন্দোবস্তের এ প্রক্রিয়া চলছিল গোপনে। জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় এক বছর ধরে জমিগুলো পরিদর্শন করেছেন নানা কৌশলে। সম্প্রতি জানাজানি হওয়ায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. শুকুর আলী তথ্য অধিকার আইনে দরখাস্ত করে চারটি কোম্পানির বন্দোবস্তের তথ্যাদি সংগ্রহ করেন।শুকুর আলী জানান, কাগজপত্রাদি হাতে পেয়ে বিশাল সম্পত্তির এমন নীরব বন্দোবস্তের প্রক্রিয়ায় স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে অবাক হয়ে যান। এ জন্য তিনি বাসিন্দাদের বন্দোবস্ত-প্রক্রিয়া বন্ধের আন্দোলনেও একাত্ম হয়েছেন। তিনি জানান, পাহাড়-টিলায় যে গাছগাছালি বেড়ে উঠেছে, ওইগুলো এলাকার বাসিন্দাদের হাতে লাগানো। অনাবাদি জমিগুলো ফসলি হয়েছে বাসিন্দাদের হাতে। বন্দোবস্ত সম্পন্ন হয়ে গেলে তো এলাকায় গণ্ডগোল লেগে যাবে। আবেদনকারী চার কোম্পানি: জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত বন্দোবস্তের আবেদনপত্রে দেখা গেছে, ‘বানকান বানকান টি এস্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রি লি.’ নামের টি এস্টেট কোম্পানি সর্বপ্রথম আবেদন করে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার হোসেন এ আবেদন করেন। তাঁর কোম্পানির প্রধান কার্যালয় হিসেবে আবেদনপত্রে সিলেট নগরে তাঁর নিজ বাসার ঠিকানা (জুলেখা হাউস, ২৬৩ শেখঘাট) উল্লেখ করা হয়। সরওয়ার হোসেন কানাডা-প্রবাসী এবং কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। দ্বিতীয় আবেদনকারী কোম্পানি হচ্ছে ‘রহমান অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লি.’। এ কোম্পানির চেয়ারম্যান মাহমুদুর রহমান। জৈন্তাপুরে সংরক্ষিত ইউনিয়ন ভূমি কার্যালয়ের প্রতিবেদনে (সঞ্চারক নম্বর ২৯৭) এ কোম্পানির প্রধান কার্যালয়ের কোনো ঠিকানা উল্লেখ নেই। প্রতিবেদন অনুযায়ী, ওই কোম্পানি ২০১১ সালের ১৬ জুন বন্দোবস্তের আবেদন করেছে এবং জেলা প্রশাসনের ৫২৭ সঞ্চারকাদেশে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। ‘ব্রিটিশ-বাংলাদেশি আহনাম এস্টেট লি.’ নামে বন্দোবস্তের আবেদনকারী তৃতীয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন যুক্তরাজ্য-প্রবাসী মো. মুহিদ আলী। সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের ‘রুশনা কটেজ’ নামের নিজ বাড়িকে বাংলাদেশ শাখার কার্যালয় হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বন্দোবস্তের আবেদন করা হয়। ‘খান টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি প্রা. লি.’-এর চেয়ারম্যান মো. আবদুল মুকিত খান ২০১১ সালের ১৫ মে বন্দোবস্তের আবেদন করেন। এ কোম্পানির প্রধান কার্যালয় ঢাকায় এবং নগরের ফাজিলচিস্ত এলাকায় সিলেট কার্যালয়।কোন কোম্পানির কত জমি চাই: জৈন্তাপুর উপজেলার নিজপাট ও চারিকাটা ইউনিয়নের ১২টি মৌজার বিভিন্ন দাগে ‘পাহাড়-টিলা ও লায়েক পতিত’ হিসেবে ছয় হাজার ২৯৬ একর ৪৩ শতক জমি বন্দোবস্তের জন্য আবেদন করেছে চার কোম্পানি। এর মধ্যে বানকান টি এস্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রি লি. ৩৬টি দাগে এক হাজার ৮৮৪ একর ৬৫ শতক, ৩৬টি দাগে রহমান অ্যান্ড কোম্পানি এক হাজার ৯৯২ একর ৬৬ শতক, খান টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি প্রা. লি. ৭৬টি দাগে এক হাজার ৪১৪ একর ১৮ শতক এবং ব্রিটিশ-বাংলাদেশি আহনাম এস্টেট লি. পাঁচটি দাগে এক হাজার চার একর ৯৪ শতক জমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্র জানায়, অকৃষি খাস হিসেবে জমির একরপ্রতি স্থানীয় বাজারমূল্য ৯০ হাজার টাকা। এ হিসাবে মোট ছয় হাজার ২৯৬ একর ৪৩ শতক জমির মূল্য দাঁড়ায় ১৮ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৯০০ টাকা। বন্দোবস্তের নীতিমালা অনুযায়ী গ্রহীতাকে বাজারমূল্যের দেড় গুণ টাকা সরকারকে দিতে হবে।‘তাগিদ’ শুধু কানাডা আ.লীগ নেতার পক্ষে: বন্দোবস্তের আবেদনপত্র ও নথি পর্যবেক্ষণে দেখা গেছে, বিধি মোতাবেক তিনটি কোম্পানির আবেদনপত্র স্থানীয় ভূমি-সংশ্লিষ্ট শাখার মাধ্যমে সম্ভাব্যতা যাচাই-বাছাই ও সরেজমিনে তদন্ত গত এক বছরের (২০১১-১২) মধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে দ্রুত সরেজমিনে তদন্ত ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিলে শুধু কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেনের বানকান টি এস্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষে জেলা প্রশাসন একাধিক ‘তাগিদপত্র’ দিয়েছে। সিলেটের আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টরেট) স্বাক্ষরিত প্রথম তাগিদপত্র (সঞ্চারক নম্বর ৩৭৬৪) দেওয়া হয় বন্দোবস্তের আবেদন করার দিন ২০০৯ সালের ৩১ ডিসেম্বর। ২০১১ সালের ৫ ডিসেম্বর দ্বিতীয় তাগিদপত্র দেওয়া হয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তৃতীয় দফায় এবং ২ মে সর্বশেষ তাগিদপত্র (সঞ্চারক নম্বর ০৫) দিয়ে ‘নতুন চা-বাগান সৃজনে হালনাগাদ তথ্য দ্রুত পাঠানোর কথা উল্লেখ করা হয়।কোম্পানি প্রধানেরা যা বলেন: কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেন বলেন, ‘বানকান টি কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আমার বাবা। তিনি মারা যাওয়ার পর আমি এমডির দায়িত্ব নিই। এ সময় খোঁজ নিয়ে দেখি, নতুন চা-বাগান সৃজনের জন্য জেলা প্রশাসনে একটি আবেদন আমার বাবা জমা দিয়েছিলেন। ২০০৯ সালে আমি সেটি আমার নামে করেছি। কোনো রাজনৈতিক প্রভাব নয়, সাধারণ একজন গ্রহীতা হিসেবে আমি আবেদন করেছি।’ তাঁর পক্ষে জেলা প্রশাসনের একাধিক তাগিদপত্র সম্পর্কে সরওয়ার বলেন, ‘আমি কোনো চাপ দিইনি। যদি রাজনৈতিকভাবে চাপ দিতাম, তাহলে দল ক্ষমতায় আসার পরপরই এ কাজ সেরে ফেলতাম। আমাকে না দিলেও কোনো আপত্তি নেই।’ জনবসতি উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো একা আবেদন করিনি। আমি না নিলে আরও তিনটি কোম্পানি আছে। এরা তো নেবে। আমি নিলে বাসিন্দাদের আগে পুনর্বাসন করব।’ রহমান অ্যান্ড কোম্পানি অ্যান্ড বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘আমার কোম্পানি আবেদন করেছে।’ ক্ষুব্ধ এলাকাবাসী প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন এসব দেখবে।সিলেট নগরের ফাজিলচিস্ত এলাকায় খান টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি প্রা. লিমিটেডের কার্যালয় নামে কোনো দপ্তর পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে ব্যবস্থাপক পরিচয় দিয়ে মোহাম্মদ হানিফ চা-বাগান করার জন্য তাঁদের কোম্পানির বন্দোবস্তের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটিশ-বাংলাদেশ আহনাম এস্টেট লিমিটেডের বাংলাদেশ শাখার কার্যালয় সিলেটে বা ঢাকায় নেই। আবেদনপত্রে থাকা ঠিকানায় তাঁর বাড়িতে যোগাযোগ করলে মো. মুহিদ আলীর চাচাতো ভাই মোমিন আলী জানান, মুহিদ গত ঈদের পরপরই যুক্তরাজ্যে চলে গেছেন। কোম্পানির কার্যালয় কোথায় জানতে চাইলে মোমিন বলেন, ‘মুহিদ লন্ডন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি শুধু আমরা জানি। অন্য কোনো বিষয় জানা নেই।’উচ্ছেদ-আতঙ্কে আন্দোলন: বৃহস্পতিবার সরেজমিনে বাউরবাগ, নয়খেল, গৌরীশঙ্কর, কালিঞ্জীবাড়ি, হর্ণী, গুয়াবাড়ি, জালিয়ারখলা ও লালাখাল এলাকা ঘুরে দেখা গেছে, পাহাড়-টিলা থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের বসতি রয়েছে। বন্দোবস্তের বিষয়টি জানার পর থেকে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সমিঞ্চলিতভাবে আন্দোলন করে বন্দোবস্ত-প্রক্রিয়া ঠেকানোর প্রস্তুতি নিতে ১১ মহল্লাভিত্তিক দুজন করে প্রতিনিধি নিয়ে গঠন করেছেন আন্দোলন কমিটি। তাঁদের একজন বৃদ্ধ আবদুল মালিক জানান, যে ভিটায় তিনি আছেন, সেখানে তাঁর বাবা-দাদারাও ছিলেন। এ হিসেবে তাঁর বসতি গড়ার হিসাব প্রায় ৭০ বছর। দুই ছেলেমেয়ে নিয়ে প্রায় তিন একর জায়গায় আবদুল মালিক আমন ফসল করে সংসার চালান। মালিক বলেন, ‘বন্দোবস্ত পাইলে তো আমরাই আগে পাইবার কথা। আমরারে বাদ দিয়া কোম্পানি নিব—আমরা তো আর বইয়া থাকতাম না...!’কালিঞ্জীবাড়ি, হর্ণী ও জালিয়ারখলা মৌজা তিন নদীর মিলনরেখার মধ্যে অবস্থিত। এলাকার প্রবীণ ব্যক্তি মোহামঞ্চদ আলী জানান, এই নদী ও পাহাড় তাঁদের বসবাসকে নিরাপদ করেছে। গত বছর পুরো এলাকা বন্যাকবলিত হয়ে পড়লে এ এলাকার মানুষ টিলা আর পাহাড়ে আশ্রয় নেয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, পাহাড়-টিলা আর নদীবেষ্টিত থাকায় জৈন্তাপুর সিলেটের উত্তর-পূর্ব এলাকার নিসর্গ হিসেবে পরিচিত। বংশপরম্পরায় কয়েক হাজার পরিবার ওই এলাকায় বসবাস করছে। বাসস্থান ছাড়াও পাহাড়-টিলায় ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্যা এবং অনাবাদি জমিগুলো তাদের হাতেই আবাদি হয়েছে। এ অবস্থায় পুরো এলাকা যদি এভাবে চা-বাগান করার জন্য বন্দোবস্ত দেওয়া হয়, তাহলে ওই এলাকায় শুধু পরিবেশ ও প্রকৃতি পরিবর্তন নয়, মানবিক বিপর্যয়ও দেখা দিতে পারে।জেলা প্রশাসকের বক্তব্য: সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল প্রথম আলোকে বলেন, টি এস্টেটের অনুকূলে কোম্পানিগুলো ভূমি চেয়ে আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো বিষয় স্থানীয় প্রশাসনকে তদন্ত করে একটি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার পর প্রতিবেদন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারী কোম্পানিগুলোর মধ্যে কেবল কানাডা আওয়ামী লীগের নেতার পক্ষে তাগিদপত্র প্রসঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো চাপ আছে কি না—জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, এটা প্রশাসনের রুটিন ওয়ার্ক। এখানে রাজনৈতিক বা অন্য কোনো চাপ থাকার অবকাশ নেই।জেলা প্রশাসক বলেন, ভূমি বন্দোবস্ত দেওয়া-না দেওয়া পুরোটাই এলাকার মানুষজনের পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।