রাজধানীতে বাসভাড়া নিয়ে নিরুপায় যাত্রীদের ভোগান্তি চলছেই। যে বাস মালিক সমিতির নেতাদের মতামত নিয়ে সরকার ভাড়া পুনর্নির্ধারণ করেছে, সেই সমিতির নেতার বাসেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। নির্ধারিত ভাড়া মানছে না খোদ সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিও। ভাড়া নিয়ে নৈরাজ্য রোধে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তবে বিআরটিএর কর্মকর্তারাই বলছেন, মাত্র দুটি ভ্রাম্যমাণ আদালত দিয়ে এই অনিয়ম বন্ধ করা যাবে না। গ্যাসের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর সভায় মালিক সমিতির নেতৃত্বে ছিলেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি খোন্দকার এনায়েত উল্যাহ। তাঁর মালিকানাধীন পরিবহন কোম্পানি ‘এনা’ অনুমোদিত সর্বনিম্ন ভাড়া সাত টাকার স্থলে আদায় করছে আট টাকা। দৃশ্যত বেসরকারি মালিকদের ভাড়ানৈরাজ্যে শামিল হয়েছে সরকারি বিআরটিসিও। তাদের বাসেও সর্বনিম্ন ভাড়া নেওয়া হচ্ছে ১০ টাকা।এনা পরিবহনে ফার্মগেট থেকে শাহবাগ ও প্রেসক্লাব পর্যন্ত আট টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অথচ দুটি গন্তব্যই সর্বনিম্ন (সাত টাকা) ভাড়ার মধ্যে পড়ে। কিন্তু এনার স্বত্বাধিকারী খোন্দকার এনায়েত উল্যাহ গতকাল দাবি করেন, তাঁদের বাসে ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত আট টাকা ভাড়া নেওয়া হয়। এর মধ্যে কোনো স্টপেজ নেই। তবে বাস্তবে দেখা গেছে, এনা পরিবহনের বাসে শাহবাগসহ সব স্টপেজ থেকে যাত্রী ওঠানো-নামানো হয়। এরপর এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি বলে দাবি করেন এনায়েত উল্যাহ। দু-এক দিনের মধ্যে তা কার্যকর করলে ভাড়া আরও বাড়বে বলে জানিয়ে দেন তিনি। এদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির বাসে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অথচ এ দূরত্ব সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়ার মধ্যে। তিন টাকা বেশি নেওয়ার বিষয়ে একজন টিকিট বিক্রেতা বলেন, ‘আমাদের কোনো হাত নেই। আমাদের ১০ টাকার টিকিট দিয়েছে, সেটাই বিক্রি করছি।’ বিআরটিসির টিকিট বিক্রয়কর্মীরা একই সঙ্গে দাবি করেন, ফার্মগেট থেকে আরও দূরে প্রেসক্লাব, গুলিস্তান ও মতিঝিল গেলেও ১০ টাকা নেওয়া হয়। বিআরটিএর হিসাব অনুযায়ী, ফার্মগেট থেকে প্রেসক্লাব, গুলিস্তান ও মতিঝিলের দূরত্ব যথাক্রমে ৪ দশমিক ১, ৫ দশমিক ৩ ও ছয় কিলোমিটার। সে হিসাবে বাসে (বড়) গুলিস্তানের ভাড়া হয় আট টাকা ২১ পয়সা এবং মতিঝিলে নয় টাকা ৩০ পয়সা। শাহবাগ ও প্রেসক্লাব পর্যন্ত সর্বনিম্ন সাত টাকা ভাড়া হয়। কিন্তু বিআরটিসিতে সব গন্তব্যেই ১০ টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির উপমহাব্যবস্থাপক মেজর কাজী শফিকউদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিআরটিসি বাড়তি ভাড়া আদায় করবে না। খোঁজ নিয়ে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এর কিছু পর উপমহাব্যবস্থাপক নিজে আবার জানান তিনি শুধু শাহবাগ পর্যন্ত সাত টাকা ভাড়া নেওয়ার নির্দেশ দিয়েছেন।বাড়তি ভাড়ার আরও চিত্র: জিগাতলা বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টার আছে তরঙ্গ প্লাস, মালঞ্চ, শতাব্দী, মেগাসিটি, ফাল্গুন ও মৈত্রী পরিবহনের। গতকাল সকালে সেখানে গিয়ে দেখা যায়, সব পরিবহনেই জিগাতলা থেকে শাহবাগ পর্যন্ত ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। বিআরটিএর হিসাব অনুযায়ী, এই পথের দূরত্ব ২ দশমিক ১ কিলোমিটার। ভাড়া হওয়ার কথা সর্বনিম্ন হারের মধ্যে। মালঞ্চ পরিবহনে ২৮ টাকা দামের টিকিট দেখা যায়। ‘স্পেশাল’ লেখা ওই টিকিটে যাত্রাপথ বা গন্তব্যের উল্লেখ নেই। টিকিট কিনতে আসা আসাদুজ্জামান বললেন, ‘এরা সুযোগ বুঝে এসব টিকিট যাত্রীদের ধরিয়ে দেয়। বাসে ওঠার তাড়ায় সব সময় টিকিট মিলিয়ে দেখা হয় না।’ মালঞ্চ পরিবহনের টিকিট বিক্রেতা মো. ইমরান দাবি করেন, এটা পোস্তগোলার টিকিট। মালিক এভাবেই টিকিটটি তৈরি করেছে। জিগাতলা থেকে পোস্তগোলার দূরত্ব সাড়ে ১১ কিলোমিটার। সে হিসাবে ভাড়া আসে ১৭ টাকা ৮৩ পয়সা। মিনিবাসগুলোও ইচ্ছেমতো ভাড়া নিয়ে যাচ্ছে। গতকাল দুপুরে ফার্মগেটে গিয়ে দেখা গেছে, গাবতলী-যাত্রাবাড়ী পথে চলাচলকারী লোকাল মিনিবাস, মিরপুর-গুলিস্তান পথের ‘নিউভিশন’ ও ‘বিকল্প অটো’সহ বেশ কিছু কোম্পানির মিনিবাসও যথেচ্ছা ভাড়া আদায় করছে। বিকল্প অটোতে ফার্মগেট থেকে শাহবাগ নামলেও আট টাকা ভাড়া গুনতে হচ্ছে। অথচ মিনিবাস হিসাবে ভাড়া হওয়ার কথা পাঁচ টাকা। ২২ নম্বর রুটের লোকাল বাসে ফার্মগেট থেকে পল্টন পর্যন্ত ১০ টাকা নেওয়া হচ্ছে। দূরত্ব অনুযায়ী ভাড়া হওয়ার কথা ছয় টাকা ৫৩ পয়সা। ‘স্বকল্প’ পরিবহনেও ফার্মগেট থেকে উঠলেই ১০ টাকা আদায় করা হচ্ছে। নিয়ন্ত্রণ করবে কে?: ভাড়া বৃদ্ধির পর অনিয়ম ঠেকাতে বিআরটিএ দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তবে রাজধানী ও এর আশপাশে প্রায় ছয় হাজার বাস ও প্রায় ১১ হাজার অটোরিকশা চলে উল্লেখ করে সংস্থাটির কর্মকর্তারাই বলছেন, দুটি আদালত দিয়ে এত বিপুলসংখ্যক যানবাহনের ওপর নজরদারি অসম্ভব।সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএর পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত ছাড়া পুলিশের আলাদা কোনো অভিযান এখনো শুরু হয়নি।যোগাযোগমন্ত্রী বাড়তি ভাড়া আদায় করা বাসের চলাচলের অনুমতি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত ৩০টি বাস জব্দ ও তিনটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছেন। জরিমানা করা হয়েছে লাখ খানেক টাকা। রুট পারমিট বাতিল করার দায়িত্ব পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত আঞ্চলিক পরিবহন কমিটির (মহানগর আরটিসি)। গত ছয় মাসে ওই কমিটির কোনো বৈঠকই হয়নি বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য।ভ্রাম্যমাণ আদালতের একজন কর্মকর্তা বলেন, বাসমালিকেরা যাত্রীদের কাছ থেকে প্রতিদিন কয়েক কোটি টাকা বাড়তি আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের সামান্য জরিমানা তাঁরা গুরুত্বই দেন না। কারণ বেশি ভাড়া নেওয়ার জন্য মাত্র ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, ঢাকায় ২০০টি রুটে বাস চলাচল করে। ১১৪টি রুটের ভাড়ার তালিকা হয়েছে। বুধবারের মধ্যে তালিকা করে অভিযান জোরদার করা হবে। গতকাল দুপুরে ফার্মগেট বাসস্ট্যান্ডে কথা হয় নির্মাণ কোম্পানির স্বল্প বেতনভুক্ত কর্মী আবদুল আউয়ালের সঙ্গে। ক্ষুব্ধ ও হতাশ আবদুল আউয়াল ঘর্মাক্ত শরীরের দিকে ইঙ্গিত করে এ প্রতিবেদককে বলেন, ‘দুই পয়সা কমে যাওয়ার জন্য রোদে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করি। সেই বাসমালিকেরাই আয়ের বড় অংশ নিয়ে যাচ্ছেন। সরকার তো ভাড়া বাড়িয়েই দায়িত্ব শেষ করেছে।’