ছয় হাজারেরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ২০তম সভায় এ সুপারিশ করা হয়। আজকের সুপারিশ করা মামলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দায়ের একটি মামলা। এ নিয়ে মোট ছয় হাজার পাঁচটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।আজকের সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দণ্ডবিধিতে করা ৭১১টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে ৪৫৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ১১৩টি আবেদন ফেরত দেওয়া হয়। বাকি ১৪২টি মামলার বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা চারটি মামলা প্রত্যাহারের আবেদন সভায় উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বাকিগুলো পরবর্তী বৈঠকের জন্য ফেরত পাঠানো হয়েছে।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়। এ নিয়ে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য মোট আট হাজার ৮৬৩টি মামলা কমিটিতে উপস্থাপন করা হয়। এর মধ্যে দণ্ডবিধিতে করা পাঁচ হাজার ৫৪৮টি মামলা এবং দুদকের করা ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকেই পাঠানো হচ্ছে।