কিশোরগঞ্জের আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম খানকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মোয়াজ্জেম হোসেন ওরফে রুবেল, কবীর রব্বানী ওরফে জুয়েল, নোবেল, বাবুল মিয়া, মামুন ও আবদুর রহিম খান। এদের মধ্যে তিন ভাই রুবেল, জুয়েল ও নোবেল পলাতক।যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলেন সবুজ মিয়া, দুলাল মিয়া, আকবর হোসেন, আউয়াল খান, আঙ্গুর মিয়া, আহাদ খান, বাবু খান ও সামছুল আলম সরকার। আদালত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। মামলায় বলা হয়, ২০০৬ সালের ৭ এপ্রিল স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে শহিদুল ইসলাম খানকে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই ফরিদ আহমেদ খান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।