পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ছয়টি ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে পুরোনো আইনে বন্দোবস্ত, বিরোধ নিষ্পত্তি, পুনর্বাসিত শরণার্থী, দখল-বেদখল ও আবেদনের পদ্ধতি নিয়ে যে অসংগতি রয়েছে, তা দূর হবে বলে আশা করা যাচ্ছে।এদিকে পার্বত্য তিন জেলার বিরোধহীন ভূমি জরিপ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। আইন সংশোধনসহ ভূমি জরিপ, বিরোধ নিষ্পত্তি বিষয়ে সৃষ্ট মতভিন্নতা দূর করতে তিন পার্বত্য রাজা, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসবে ভূমি মন্ত্রণালয়। ঈদের পর পার্বত্য চট্টগ্রামে এ বৈঠক হবে।জানতে চাইলে ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তির আগে এ-সংক্রান্ত আইনের সংশোধন করাটা জরুরি হয়ে পড়েছে। পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন সংশোধনের যে প্রস্তাব দিয়েছে, তা বিবেচনায় রাখা হয়েছে। সচিব বলেন, ‘পার্বত্য এলাকার যেসব ভূমি নিয়ে কোনো সমস্যা নেই, সেই অংশে আমরা জরিপ করার উদ্যোগ নিতে যাচ্ছি। তবে এ বিষয়ে পার্বত্য নেতাদের মতামত নেওয়া হবে।’যেসব ধারা সংশোধন করা হচ্ছে: পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ধারা ৬ (১) ক, খ ও গ; ৭(৪); ১০(৩)৪ এবং ১৩(৩) উপধারা সংশোধন ও সংযোজনের প্রস্তাব করা হয়েছে।আইনের ৬(১)(ক)তে বলা হয়েছে, ‘পুনর্বাসিত শরণার্থীদের ভূমিসংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন ও রীতি অনুযায়ী নিষ্পত্তি করা’ হবে। এ ধারা সংশোধন করে ‘পুনর্বাসিত শরণার্থীদের জমিজমাবিষয়ক বিরোধ দ্রুত নিষ্পত্তি করা ছাড়াও অবৈধভাবে বন্দোবস্ত ও বেদখল হওয়া সব ভূমিসংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী নিষ্পত্তি করা’ হবে।পার্বত্য আঞ্চলিক পরিষদের প্রস্তাবে এই সংশোধনের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, চুক্তির ঘ অংশের চার ধারায় শরণার্থীদের জমিজমা ছাড়াও অন্যান্য সব ভূমিবিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে। তা ছাড়া চুক্তির পরও নতুন ভূমিবিরোধ সৃষ্টি অব্যাহত রয়েছে। ভূমি মন্ত্রণালয় আঞ্চলিক পরিষদের এ প্রস্তাব আলোচনা করে আইন সংশোধন করার পক্ষে মত দিয়েছে।ধারা ৬(১)(খ)তে বলা হয়েছে, ‘আবেদনে উল্লিখিত ভূমিতে আবেদনকারী বা ক্ষেত্রমতো সংশ্লিষ্ট প্রতিপক্ষের, স্বত্ব বা অন্যবিধ অধিকার পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন ও রীতি অনুযায়ী নির্ধারণ এবং দখল পুনর্বহাল’ করা।এ ধারা সংশোধন করে ‘আবেদনে উল্লিখিত ভূমিতে আবেদনকারী, বা ক্ষেত্রমতো সংশ্লিষ্ট প্রতিপক্ষের, স্বত্ব বা অন্যবিধ অধিকার পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী নির্ধারণ এবং দখল পুনর্বহাল’ করা। আঞ্চলিক পরিষদের প্রস্তাব অনুযায়ী এখানে পদ্ধতি শব্দটি যোগ করা হয়েছে।ধারা (৬)(১)(গ)তে বলা আছে, ‘পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইনবহির্ভূতভাবে কোনো বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকলে তা বাতিল এবং বন্দোবস্তজনিত কারণে কোনো বৈধ মালিক ভূমি হতে বেদখল হয়ে থাকলে তার দখল পুনর্বহাল’ করা।সংশোধনীতে বলা হয়েছে, ‘পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি বহির্ভূতভাবে ফ্রিঞ্জল্যান্ডসহ (জলে ভাসা জমি) কোনো ভূমি বন্দোবস্ত দেওয়া বা বেদখল করা হয়ে থাকলে তা বাতিলকরণ এবং বন্দোবস্তজনিত কারণে কোনো বৈধ মালিক ভূমি হতে বেদখল হয়ে থাকলে তার দখল পুনর্বহাল’ করা।এ ধারার শর্তাংশে বলা হয়েছে, প্রযোজ্য আইনের অধীনে অধিগ্রহণ করা ভূমি এবং রক্ষিত বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত ভূমির ক্ষেত্রে এই উপধারা প্রযোজ্য হবে না।তবে আঞ্চলিক পরিষদ এ ধারার শর্তাংশ বাতিলের প্রস্তাব করেছে। পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ধারায় ৭(৪) বলা হয়েছে, ‘কোনো বৈঠকে বিবেচিত বিষয় অনিষ্পন্ন থাকলে তা পরবর্তী যেকোনো বৈঠকে উপস্থিত সদস্যদের কারও অনুপস্থিতির কারণে বিষয়টির নিষ্পত্তি বন্ধ থাকবে না বা নিষ্পত্তিসংক্রান্ত কার্যক্রম অবৈধ হবে না।’সংশোধনীতে বলা হয়, ‘কোনো বৈঠকে বিবেচিত বিষয় অনিষ্পন্ন থাকলে তা পরবর্তী যেকোনো বৈঠকে বিবেচনা ও নিষ্পত্তি করা যাবে এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী বৈঠকে উপস্থিত সদস্যদের কারও অনুপস্থিতির কারণে বিষয়টিরও নিষ্পত্তি বন্ধ থাকবে না বা নিষ্পত্তিসংক্রান্ত কার্যক্রম অবৈধ হবে না।’আইনের ১০(৩) ধারার পর ৪ উপধারা সংযোজন করে বলা হয়েছে, ‘কমিশন কর্তৃক আবেদন নিষ্পত্তির আগে যেকোনো সময় ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারী তাঁর আবেদন সংশোধন করতে পারবে।’ধারা ১৩-তে নতুন উপধারা (৩) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘অর্ধন কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলার উপজাতিদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।’ এ ছাড়া আইনের তৃতীয় অনুচ্ছেদে পার্বত্য জনসংহতি সমিতির জায়গায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করার প্রস্তাব করা হয়েছে। বিরোধহীন পার্বত্য ভূমি জরিপের উদ্যোগ: পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির যেসব এলাকার ভূমি নিয়ে বিরোধ নেই, সেসব এলাকা জরিপ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি জরিপ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।তবে পার্বত্য মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমিবিরোধ নিষ্পত্তির সঙ্গে এভাবে ভূমি জরিপের বিষয়টি একীভূত করা ঠিক নয়। ভূমি জরিপ অত্যন্ত সময়সাপেক্ষ, জটিল ও ব্যয়বহুল কাজ। তাই বিরোধ নিষ্পত্তি জরিপনির্ভর হলে দ্রুততার সঙ্গে বিরোধ নিষ্পত্তি সম্ভব নয়। জরিপের মাধ্যমে সংশ্লিষ্ট জমির ভৌগোলিক বিবরণ, আয়তন, সীমানা ও দখলদারের পরিচয় আসতে পারে, কিন্তু জমির ওপর প্রথাগত আইনসহ অন্যান্য আইনভিত্তিক স্বত্বের তথ্য আনা যাবে না। প্রথাগত আইনের বিষয়ে বিশদ আলোচনা ও তথ্য সংগ্রহ ছাড়া কমিশন তার কাজ যথাযথভাবে করতে পারবে না। জরিপের মাধ্যমে জমির অবৈধ দখলদারের স্বত্বের স্বীকৃতি দেওয়া হয়, কাজেই দখলে নেই অথচ বৈধ স্বত্ব আছে, এমন অনেক ব্যক্তির ভূমি জরিপের ব্যাপারে সন্দেহ থাকতে পারে এবং এ কারণে কমিশনের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ছাড়া বিরোধ নিষ্পত্তির আগে জরিপ করা হলে তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ (ঘ)-এর লঙ্ঘন করা হবে। ওই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, ভারত প্রত্যাগত শরণার্থী, অভ্যন্তরীণ উদ্বাস্তু ইত্যাদির পুনর্বাসন ও ভূমিহীন পাহাড়িদের জমি বণ্টনের পরই কেবল ভূমি জরিপ করা হবে।তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, আগে জরিপ করতে হবে, তারপর ভূমিবিরোধ নিষ্পত্তি। জরিপ কার্যক্রম শুরু না হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।