ছয়টি পাটকল চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর জুট মিল (সাবেক পিপলস) চালুর পর আগামী মাসে নতুন নামে কওমি এবং জুলাই মাসের মধ্যে দৌলতপুর, কোহিনুর, চট্টগ্রামের আর কর্ণফুলী ও ফোরাত জুট মিল চালু করা হবে।পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পাট নীতিমালার প্রাথমিক প্রতিবেদন হস্তান্তরের অনুষ্ঠানে আজ সোমবার এসব কথা বলেন। সচিবালয়ের সম্মেলনকক্ষে এর আগে পাট কমিশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান পাটমন্ত্রীর কাছে পাট নীতিমালার প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর করেন।এ সময় অন্যান্যের মধ্যে পাটসচিব আশরাফুল মকবুল, বিজেএমসির চেয়ারম্যান তুলসী দাস মিত্রসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাটমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে পাট নীতিমালা মন্ত্রিসভায় উপস্থাপনের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সরকার সোনালী আঁঁশ পাটের সোনালী দিন ফেরাতে শ্রমজীবী মানুষের উন্নয়নে পাটনীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে।পাটমন্ত্রী বলেন, গত দুই বছরে পাটের উত্পাদন বৃদ্ধির জন্য উন্নতমানের বীজ পাটচাষিদের কাছে পৌঁছানো হয়েছে। পাট উত্পাদনের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী।পাটমন্ত্রী বলেন, পাট খাতের সমস্যা, দুর্বলতা ও দক্ষতা চিহ্নিত করে পাট খাতকে সময়োপযোগী করে অগ্রগতির পথে এগিয়ে নিতেই পাট কমিশন গঠন করা হয়েছে। ১৯ সদস্যের এ কমিটিতে অর্থনীতিবিদ, কৃষিবিদ, বিজ্ঞানী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পাটকলের শ্রমিক নেতাসহ মন্ত্রণালয় ও বিজেএমসি, বিজেআরআই, বিজেএমএ, বিজেএ, বিজেএসএর বিশেষজ্ঞদের রাখা হয়েছে।মন্ত্রী বলেন, পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে গত বছরের ১২ অক্টোবর ‘বাধ্যতামূলক মোড়ক’ আইন প্রণয়ন করা হয়েছে।আবদুল লতিফ সিদ্দিকী বলেন, উন্নতমানের পাটবীজের আমদানি-নির্ভরতা কমিয়ে দেশেই পাটবীজ উত্পাদিত হয়েছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টন। এ ছাড়া চাহিদা পূরণে ভারত থেকে সাড়ে চার হাজার টন বীজ আনা হয়েছে। পাট উত্পাদনের অঞ্চল হিসাব করে খুলনার মংলায় সমুদ্রবন্দর করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ বন্দর দিয়ে খুলনার পাটকলগুলোর উত্পাদিত পণ্য রপ্তানি হতো।মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের পরামর্শে যখন বাংলাদেশে পাটকল বন্ধ করা হয়, তখন ভারতের পশ্চিমবঙ্গে নয়টি পাটকল চালু হয়। অথচ ঐতিহ্যবাহী আদমজী জুট মিল বিক্রি করে দেওয়া হয়।পাটকল আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ম্যানচেস্টারের ড্যান্ডিতে এখন আর পাটকলের যন্ত্রপাতি তৈরি হয় না। ভারত ও চীনের দুটি কোম্পানি তা তৈরি করে। সরকার এ দুটি দেশ থেকে সাময়িকভাবে যন্ত্রপাতি আমদানি করবে। তবে ভবিষ্যতে জুটমিলের যন্ত্রপাতি তৈরির জন্য চট্টগ্রামের ‘গালফ্রা হাবিবকে’ আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাসস।