ছয়তলা বাড়ির ছাদে বিরল ধলাভ্রু খঞ্জনের বাসা
গত মার্চ মাসে গুলশান-১-এর একটি বাড়ির ছাদে এক জোড়া ধলাভ্রু খঞ্জন পাখির আনাগোনা দেখি। বনানী লেকের দিক থেকে উড়ে এসে ছয়তলা বাড়িটির ছাদের দেয়ালে পাখি দুটি বসত। তার পর থেকেই পাখি যুগলের প্রতি নজর রাখি।মে মাসের এক দুপুরে অনুমতি নিয়ে ছাদে উঠে একটি পাখির কণ্ঠে ভিন্ন সুর শুনতে পাই। সুর শুনে মনে হয়েছিল, আশপাশে বাসা আছে। কিছুক্ষণ পরই অন্য খঞ্জন পাখিটি উড়ে এসে বসে ছাদের কাছের একটি দেয়ালে। মুখে খাবার। একটু আড়ালে গিয়ে লক্ষ করলাম, পাখিটি ছয়তলার ছাদের দিকে উড়ে গেছে। পাখিটি যখন সেখান থেকে ফিরে এল, তখন মুখে কোনো খাবার ছিল না। এভাবে কয়েকবারই দেখলাম, বনানী লেক থেকে খাবার সংগ্রহ করে পাখিটি সেই স্থানে বারবার যাতায়াত করছে। নিশ্চিত হলাম, বাসায় ছানাও আছে। দেখতে পেলাম, পানির ট্যাংক ও দেয়ালের মাঝখানের একচিলতে সমতল জায়গায় দুটি বাসা। একটি বাসায় তিনটি ছানা। ছানারা হাঁটতে পারে। পালক বেশ বড় হয়েছে। এক সপ্তাহের মধ্যেই ওরা আকাশে উড়বে, এমন ভাব ছানাদের চেহারায়।বাসার আকৃতি গোলাকার কাপের মতো। চটের আঁশ, শুকনো ডালপালা, নরম ঘাস দেখা গেল বাসায়। একটি বাসা ছিল পরিত্যক্ত। এটি সম্ভবত গত বছরের বাসা। বাড়ির এক কর্মচারী জানান, কয়েক বছর থেকেই এই পাখি এখানে বাসা করে ছানা বড় করে নিচ্ছে। জায়গাটি এত সংকীর্ণ যে বেশ কষ্ট করেই ছবি তুলতে হলো।বাংলাদেশে Motacilla গণের পাঁচ প্রজাতির খঞ্জনপাখি দেখা যায়। পাঁচ প্রজাতির মধ্যে চার প্রজাতির খঞ্জন শীতের শুরুতে আসে এবং গ্রীষ্মে চলে যায়। শুধু দেশে স্থায়ীভাবে বাস করে ও বাসা বাঁধে ধলাভ্রু খঞ্জন। এ প্রসঙ্গে বাংলাদেশ বার্ড ক্লাবের প্রধান ইনাম আল হক জানান, দেশে ধলাভ্রু খঞ্জন সংখ্যায় খুব কম। বাসা কারার জন্য ওরা কোনো নিরাপদ জায়গা পাচ্ছে না। কারণ সব জায়গায়ই মানুষের পদচারণ। নিরাপদ জায়গা না পেয়েই ওই ছয়তলার বাড়ির ছাদের পানির ট্যাংকের কাছে বাসা করেছে।পাখিটি পাকাড়া খঞ্জন নামেও পরিচিত। ইংরেজি নাম White-bৎowed Wagtail বা Laৎge Pied Wagtail, বৈজ্ঞানিক নাম Motacilla madeৎaspatensis। নদী, বড় পুকুর ও বড় জলাশয়ের কাছাকাছি কোনো জায়গায় থাকতে পছন্দ করে এবং খাবারের জন্য চড়ে বেড়ায়। একটু পর পরই ডেকে ডেকে জায়গা পরিবর্তন করে। দলে সাধারণত দুটি থাকে। পাখিটির লেজ লম্বা। পা, ঠোঁট, গলা ও বুক কালো। নিচের দিক সাদা পালকে আবৃত। চোখের ওপরের ভ্রু সাদা। ডানায় সাদা রেখা থাকে, লেজের বাইরের পালক সাদা। খাবারের তালিকায় আছে ফড়িং, পোকামাকড়, ছোট শামুক ইত্যাদি। মার্চ থেকে মে মাসে জলাশয়ের কাছাকাছি নিরাপদ জায়গায় বাসা করে। তিন-চারটি ডিম দেয়। দুজন মিলেই সংসার করে।ঢাকার চারপাশে ক্রমাগত জলাশয় ভরাট করে ফেলায় এদের স্বাভাবিক আবাস হারিয়ে গেছে।