বেগুনবাড়ি-হাতিরঝিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য গতকাল মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আবারও অভিযান চালিয়েছে। সকাল থেকে অভিযান চালিয়ে একটি ছয়তলা ভবনসহ নয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়।সেনাসদস্য ও পুলিশের সহায়তায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতেই রাজউকের শ্রমিকেরা লাল নিশান টানিয়ে সীমানা নির্ধারণ করেন। এরপর ‘পে-লোডার’-এর সাহায্যে একে একে বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এসব বাড়ির বাসিন্দারা কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। পরে তাঁরা দ্রুত মালামাল সরিয়ে নেন। একাধিক স্থাপনার মালিক অভিযোগ করেন, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় উচ্ছেদ করা হয়েছে।রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে ১০০ মিটার জমির দখল তাঁরা বুঝে পাচ্ছিলেন না। সেগুলো উচ্ছেদ করতে এই অভিযান চালাতে হয়।উচ্ছেদ করা একটি বাড়ির মালিক ঢাকা ওয়াসার কর্মকর্তা পরিচয়দানকারী গোলাম মাওলা প্রথম আলোকে জানান, দক্ষিণ বেগুনবাড়ির ২২ জন বাড়ির মালিক ২০০৮ সালের ৩০ মার্চ উচ্চ আদালতে মামলা করেন। তিনি বলেন, তড়িঘড়ি উচ্ছেদ অভিযান শুরু করায় তাঁরা মূল্যবান মালামাল সরাতে পারেননি। অপর একজন বাড়ির মালিক আনোয়ার উল্লাহ বলেন, বৃহৎ স্বার্থে তাঁরা জমি দিতে প্রস্তুত। সরকার অধিগ্রহণ করে ক্ষতিপূরণের টাকা দিলে তাঁদের আর কোনো দুঃখ থাকবে না।সাইফুল হক নামের এক ব্যক্তি জানান, সারা জীবনের রোজগার দিয়ে তিনি আড়াই কাঠা জমি কিনেছিলেন। ২০০২ সালে মাটি ভরাট করে সেখানে টিনশেড বাড়ি করেন। মুহূর্তের মধ্যে বাড়িটি ভেঙে ফেলা হয়। জমিটি চলে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন।এলাকায় গিয়ে দেখা যায়, উচ্ছেদ করা বাড়িগুলোর বাসিন্দাদের অনেকেই তাঁদের মালামাল সরিয়ে নিচ্ছেন। অনেকে মালামাল রাখেন আশপাশের গলিতে। উচ্ছেদ অভিযানের সময় সেনাসদস্যরা দুই পাশে তাঁবু টানিয়ে অবস্থান নেন। বিশাল আকৃতির দুটি পে-লোডার দুই পাশ দিয়ে স্থাপনা ভাঙার কাজ করছিল। স্থাপনা ভাঙার সঙ্গে সঙ্গে ভাঙচুরের মালামালের ওপর দিয়ে বালু ফেলা হয় এবং বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়। উচ্ছেদ শেষে বোঝার উপায় ছিল না যে সেখানে বাড়িঘর ছিল।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। সেনাবাহিনীর লে. কর্নেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ অভিযানকালে উপস্থিত ছিলেন। এ সময় মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।