ছয়তলার নকশায় ১৪ তলা!
উত্তরা মডেল টাউনের ৩ নম্বর সেক্টরে ২ নম্বর সড়কের ৩২/ই ও ৩২/ডি প্লটে দাঁড়িয়ে আছে ১৪ তলা একটি ভবন। ‘নাটোর টাওয়ার’ নামের নির্মাণাধীন ওই ভবনের বাইরে টাঙানো রয়েছে দোকান বরাদ্দের বিজ্ঞাপনসংবলিত সাইনবোর্ড।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্র জানায়, ছয়তলা ভবনের জন্য নকশা অনুমোদন নিয়ে ১৪ তলা নাটোর টাওয়ার করা হয়েছে। ফাইল থেকে ভবনের মূল নকশাসহ নথিপত্র সরিয়ে একই নম্বরে ভুয়া নকশা ফাইলে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, ফাইলে নকশা বদল করা হয়েছে সরকারি দল সমর্থিত রাজউক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের একশ্রেণীর নেতার সাহায্যে।রাজউকের বিধান অনুযায়ী, উত্তরা মডেল টাউনের আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কও আবাসিক এলাকা, সেখানেই নির্মাণাধীন নাটোর টাওয়ারে দোকান বরাদ্দের সাইনবোর্ড ঝুলছে।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, নকশা বদলে আবাসিক ভবনকে বাণিজ্যিক ভবন করা এবং উচ্চতা বাড়ানোর কারণে নাটোর টাওয়ার ভাঙার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু রাজউক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতা ছাড়াও নওগাঁ-৬ আসনের সাংসদ ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম ওই ভবনের বিষয়ে আইনগত ব্যবস্থা না নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তদবির করেন এবং চাপ দেন।রাজউকের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা শুনেছেন সাংসদ ইসরাফিল বাড়িটির মালিকানায় যুক্ত আছেন, তবে তাঁরা নিশ্চিত নন।যোগাযোগ করা হলে ইসরাফিল আলম বলেন, ওই বাড়ির মালিকানায় থাকার প্রশ্নই ওঠে না। বাড়ির মালিক আবুল কাশেম তাঁর শ্বশুরবাড়ির (নাটোর) লোক। ভবনটির বিষয়ে রাজউকে তদবির করার বা চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটা বোগাস কথা।’রাজউকে খোঁজ নিয়ে জানা যায়, উত্তরার ৩ নম্বর সেক্টরে ২ নম্বর সড়কের ৩২/ই ও ৩২/ডি প্লটে ছয়তলার অনুমোদন দেওয়া হয় ২০০৬ সালে। বাড়ির নকশার ফাইলের নথি নম্বর ৩সি-৪৯৯১/০৬। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই বাড়ির নির্মাণকাজ শুরু হয়। পরে ফাইলে থাকা মূল নকশা-নথিপত্র সরিয়ে সেখানে অন্য নকশা-নথি রাখা হয়। ভবনটি করা হয় ১৪ তলা পর্যন্ত। গত বছরের শেষ দিকে রাজউকের সংশ্লিষ্ট অথরাইজড কর্মকর্তা ভবনটির মালিক আবুল কাশেম গংকে অনুমোদিত নকশা দেখানোর জন্য চিঠি দেন। ওই নকশা না দেখানোয় অথরাইজড কর্মকর্তা নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ দেন। তিনি রাজউকের রেকর্ডকক্ষে দায়িত্বরত কর্মচারীর কাছে ওই ভবনের নকশাসহ নথি চাইলে তাঁকে জানানো হয়, সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।রাজউকের সূত্র জানায়, নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশেও কাজ না হওয়ায় রাজউক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। পরে অথরাইজড কর্মকর্তা অবৈধ তলাগুলো ভেঙে দেওয়ার বিষয়ে চূড়ান্ত নোটিশ দেন। মালিকপক্ষ এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। নকশা অনুমোদনের মূল নথি গায়েব হয়ে যাওয়ায় মামলা মোকাবিলায় সমস্যা হচ্ছে।অভিযোগ পাওয়া গেছে, রাজউকের ঊর্ধ্বতন হিসাব সহকারী ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সামছুল আলম ওরফে মিল্কী এ বিষয়ে আইনগত ব্যবস্থা না নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চাপ দেন।এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সামছুল আলম বলেন, তিনি এ ধরনের কোনো চাপ দেননি। রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে এ অপপ্রচার চালানো হচ্ছে। নাটোর টাওয়ারের মালিকের সঙ্গে তাঁর পরিচয় বা কোনো রকম সম্পর্ক নেই। তবে ভবনটির বিষয়ে সাংসদ ইসরাফিল আলমের আগ্রহ থাকতে পারে।বাড়ির মালিক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বাড়িটি রাজউক ১৫ তলার জন্যই অনুমোদন দিয়েছে। রাজউককে মূল নকশা দেখাতে না পারার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেখিয়েছেন, তবে রাজউক ওই নকশা বিশ্বাস করেনি।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এ ফাইলটির মতো অনেক ফাইল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা এখন সতর্কতা অবলম্বন করছি। যাঁরা এসব কাজের সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে।’আরও অভিযোগ: অভিযোগ আছে, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১/এ সড়কের ১ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবনও ছয়তলার অনুমোদন নিয়ে ইতিমধ্যে আটতলা করা হয়েছে। ভবনটির ফাইল নম্বর হচ্ছে আর-৩সি-৫৭২/০৯। ভবনটির আরও একতলা বাড়ানোর কাজ শুরু হয়েছিল। জানা যায়, এ ভবনটির বিষয়ে রাজউক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে ইউনিয়নের সভাপতি সামছুল আলম ওই ফাইল তাঁকে দিতে সংশ্লিষ্ট ইমারত পরিদর্শককে চাপ দেন। ইমারত পরিদর্শক আপত্তি জানালে তিনি লোকজন পাঠিয়ে গত ২১ ডিসেম্বর জোর করে ফাইলটি নিয়ে নেন।এ বিষয়ে সামছুল আলম বলেন, জোর করে ফাইল নেওয়ার অভিযোগ সত্য নয়। বাড়িটির মালিক আনিসুর রহমান বিদেশে থাকেন, তিনি তাঁর বন্ধু। বাড়িটির ছয়তলা পর্যন্ত নির্মাণকাজ চলার সময়ই ১০ তলার নকশা জমা দেওয়া হয়। বিধান রয়েছে, নকশা জমা দেওয়ার ৪৫ থেকে ৯০ দিনের মধ্যে রাজউক আপত্তি না জানালে ধরে নিতে হয়, নকশা পাস হচ্ছে।রাজউকের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, মালিকানায় যেই থাকুন, অনুমোদনহীন বা জাল নকশায় তৈরি এই দুটি ভবনসহ অন্যান্য ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা কাজ করছেন। তবে কেউ কেউ মামলা করে রাজউকের কার্যক্রম স্থগিত করে দেন। সে কারণে রাজউক এমন একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছে, যাতে বিতর্কিত, ঝুঁকিপূর্ণ বা অনুমোদনহীন ভবনের মালিকেরা মামলায় যেতে না পারেন। প্রস্তাবটি পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।