জংশন শহরে পরিবেশ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ জংশন শহর সান্তাহারে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটছে। জেলা পরিবেশ অধিদপ্তরের তদারকির অভাব এবং সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় এ রকম পরিবেশ বিপর্যয় ঘটছে বলে অভিযোগ উঠেছে। শহরের কিছু সচেতন মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সান্তাহার শহরের চারপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রায় ২০০ ধানের চাতাল। এই চাতালগুলোর অধিকাংশই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে নির্মিত হয়নি। এ কারণে শহরের যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে চাতাল। বেশির ভাগ চাতালের চিমনি ত্রুটিপূর্ণ। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা, মারা যাচ্ছে চাতালশ্রমিকসহ পথচারী। এ ছাড়া ত্রুটিপূর্ণ চাতালগুলোর উচ্চতা অনেক কম হওয়ায় এগুলোর নির্গত ধোঁয়া একদিকে যেমন মানুষের ক্ষতি করছে, অন্যদিকে জমির ফসলসহ গাছপালার জন্য সৃষ্টি করছে চরম বিপর্যয়।অভিযোগে জানা গেছে, বর্তমানে সান্তাহার শহরের একাধিক স্থানে দিনে-রাতে সিসা গলানো হচ্ছে। সিসা গলানোর বেশির ভাগ স্থানই শহরের জনবহুল এলাকায়। সিসা গলানোর সময় ওই সব স্থান থেকে নির্গত ধোঁয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ছাড়া অভিযোগে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের প্রত্যক্ষ মদদে সম্প্রতি শহরের জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মুরগির খামার। এলাকাবাসী জানিয়েছেন, এসব মুরগির বিষ্ঠার গন্ধে বাড়িঘরে থাকা দায় হয়ে পড়ে।সান্তাহার রেলওয়ে জংশনভিত্তিক শহর হওয়ায় এখনো এখানে প্রায় ৭০০টি রেলওয়ের বাসা রয়েছে। কিন্তু বাসাগুলোর বেশির ভাগই অবৈধ দখলদারের দখলে। রেল কর্তৃপক্ষ এগুলোর কোনো তদারকি করে না। এতে করে প্রায় প্রতিটি বাসায়ই রয়ে গেছে ব্রিটিশ আমলে তৈরি করা খোলা শৌচাগার (সার্ভিস ল্যাট্রিন)। রেল কর্তৃপক্ষ এখন আর এগুলোর তদারকির দায়িত্বে না থাকায় মলমূত্র ফেলা হচ্ছে শহরের যেখানে-সেখানে। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটছে। শহরের চা-বাগান এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন অভিযোগ করেন, একশ্রেণীর মাছ ব্যবসায়ী মেথরদের টাকা দিয়ে রাতের অন্ধকারে এসব মল তাদের পুকুরে ঢেলে নেয়। না জেনে ওই সব পুকুরের মাছ খাচ্ছে শহরবাসী।সান্তাহার রথবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান বলেন, শহরের প্রধান সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানা। এ কারখানাগুলোয় সব সময় চলে ওয়েল্ডিং। এগুলো যাদের বন্ধ করার কথা, তারা এগুলোর ক্ষতিকর দিক দেখেও দেখে না। সান্তাহার নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের তদারকি এবং মানুষের সচেতনতার অভাবে শহরটিতে পরিবেশ বিপর্যয় বেড়েই যাচ্ছে।শহরের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, এখানে প্রচণ্ড পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছে। মানুষ প্রতিদিন নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, এখানে যেভাবে পরিবেশ বিপর্যয় হচ্ছে, তাতে মানুষের শ্বাসকষ্ট, চোখের সমস্যা, মস্তিষ্কের নানা রোগ ব্যাপকভাবে বেড়ে যেতে পারে।এদিকে সান্তাহার পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, পরিবেশ বিপর্যয় রোধে পৌরসভার নিজস্ব কোনো বিভাগ নেই। ফলে এ অবস্থা রোধে পৌরসভা তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এরপরও পরিবেশ বিপর্যয় বন্ধে পৌর কর্তৃপক্ষ সাধ্যানুযায়ী ভূমিকা পালনের চেষ্টা করবে।বিষয়টি নিয়ে বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই পরিবেশ বিপর্যয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া চাতাল মালিকদের তাঁদের চাতালের চিমনি কমপক্ষে ৫০ ফুট করার নির্দেশ দেওয়া হয়েছে।