জংশন স্টেশনটি থেকে চুরি যাচ্ছে মূল্যবান লোহা ও যন্ত্রাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান লোহা ও নানা ধরনের যন্ত্রাংশ। এসব যন্ত্রাংশ চুরির সঙ্গে স্টেশনের কয়েকটি প্রকৌশল দপ্তরের প্রধানসহ কিছু অসাধু কর্মচারী জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার স্টেশনের প্রকৌশল বিভাগের (লোকো) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, গত এক বছরে স্টেশন এলাকার লোকোশেড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ক্যারেজ ও স্টেশন এলাকা থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের লোহা ও যন্ত্রাংশ চুরি হয়েছে। চুরি হয়ে যাওয়া লোহার মধ্যে রয়েছে রেললাইন, অ্যাংগেল, পাইপসহ ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ। সূত্রটি আরও জানায়, এক বছরে শুধু লোকোশেড ও পুরোনো কয়েকটি গুদাম থেকেই প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার লোহা চুরি হয়েছে।স্টেশন মাস্টার সাজ্জাদ হোসেন বলেন, ২৫ জুলাই একটি ভুয়া নিলামকারী দল জাল কাগজপত্র নিয়ে আসে। তারা স্টেশনের পাশে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্রিজ গার্ডার কেটে নেওয়ার চেষ্টা করে। স্টেশন মাস্টার দলটির কাছে নিলামসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তারা একসময় সটকে পড়ে। স্টেশন মাস্টার সাজ্জাদ হোসেন বলেন, বিধান অনুযায়ী রেলওয়ের কোনো পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রি করা হলে ওই মালামাল নেওয়ার সময় সেখানে রেলওয়ের স্টোর, অ্যাকাউন্টসহ নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত থাকার কথা। কিন্তু ওই দলের সঙ্গে কেউ ছিল না। কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা পালিয়ে যায়। স্টেশনের পাশের এই বিপুল পরিমাণ লোহা কোন প্রকৌশল বিভাগের তদারকিতে রয়েছে জানতে চাইলে প্রকৌশল বিভাগ (কার্য) প্রধান আবদুর রশিদ বলেন, তিনি ওই সব লোহার বিষয়ে কিছুই জানেন না।এ বিষয়ে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ কে এম মাহাবুবুল আলম জানান, রেলওয়ের সব মালামাল সংরক্ষণ ও তদারকের দায়িত্ব রেলওয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর। এ দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারেন না। তিনি বলেন, এ বিষয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বিস্তারিত তথ্য দিতে পারবেন।প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক গোলাম আম্বিয়া বলেন, সংশ্লিষ্ট বিভাগ ব্যবহার অযোগ্য ঘোষণা করা মালামালগুলো স্টোরস বিভাগ নিলামে বিক্রির ব্যবস্থা করে। স্টেশনের পাশের এই মালামালগুলো প্রকৌশল বিভাগের (ব্রিজ) হতে পারে বলে তিনি জানান।নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের ক্যারেজ বিভাগের কতিপয় কর্মচারী জানান, সাধারণ চোরেরা যে পরিমাণ চুরি করে তার চেয়ে অনেক বড় বড় চুরি সংঘটিত হয় নিলামে কারচুপির মাধ্যমে। আর এই কারচুপির সঙ্গে জড়িত থাকেন রেলওয়ের রাঘব বোয়াল কিছু অসাধু কর্মকর্তা।অভিযোগকারীরা জানান, ওই চক্র নিলামের সুযোগে ওয়াগনের মূল্যবান যন্ত্রাংশ, হুইল ইত্যাদি গায়েব করে দেয়। একসময় রেলওয়ে ওয়াগনের ডিপো হিসেবে পরিচিত সান্তাহার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এখন ওয়াগন-শূন্য।সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম বলেন, শুধু রেলওয়ের চুরি যাওয়া লোহা নিয়েই সান্তাহার শহরে অসংখ্য ভাঙারির দোকান গড়ে উঠেছে। এসব চুরির সঙ্গে রেলওয়ের নিরাপত্তা বিভাগসহ রেলওয়ের রাঘব বোয়ালরা জড়িত বলে জার্জিস আলম বলেন। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সান্তাহার ১ নম্বর রেলগেট এলাকা থেকে রেললাইন চুরি করে আবদুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি। রেললাইন চুরি করে আবদুর রহমান নামের ওই আওয়ামী লীগের কর্মী সেই স্থানে নির্মাণ করেছেন বিশাল মার্কেট। এ ঘটনায় সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আবদুর রশিদ বাদী হয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় আবদুর রহমানকে আসামি করে একটি মামলা করেছেন। কিন্তু এ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মামলার সত্যতা স্বীকার করে বলেন, আবদুর রহমানকে গ্রেপ্তার করার জন্য আদমদীঘি থানায় পত্র পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রেল সম্পদ চুরি বিষয়ে বিভিন্ন সময়ে জিআরপি থানায় একাধিক মামলা হয়েছে।