জকিগঞ্জে ছাত্র-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের লাঠিপেটায় তিন স্কুলছাত্র আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুতে শিক্ষার্থীদের মানবববন্ধনে পুলিশ বাধা দেওয়ায় আজ রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী লেগুনার চাপায় গণিপুর-কামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর তিন ছাত্র আহত হয়। এর মধ্যে গুরুতর আহত রেজওয়ান আহমদকে (১৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার ভোররাতে তার মৃত্যু হয়। রেজওয়ানের মৃত্যুর খবরে ওই বিদ্যালয়সহ আশপাশের আরও তিনটি বিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বর্জন করে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে মানববন্ধন করে। বেলা ১১টা থেকে মানববন্ধন চলাকালে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই একদল পুুলিশ নিয়ে ঘটনাস্থলে ছাত্রদের কর্মসূচি বন্ধ করে বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে।এ সময় পুলিশের ওপর ছাত্ররা বিচ্ছিন্নভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ছাত্রদের ইটের আঘাতে ওসির মাথা ফেটে গেলে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করতে উদ্যত হয়। এ নিয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শেষে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশের লাঠিপেটায় গণিপুর-কামালগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবুল কালাম, মোহাম্মদ শাহজাহান ও জসিমউদ্দিন আহত হয়। ছাত্র আহত হওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আহত ছাত্ররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। দুপুর পৌনে একটায় মুঠোফোনে যোগাযোগ করলে ওসি আবদুল হাই মাথায় আঘাত পাওয়ার কথা স্বীকার করেন।