জগজিৎ সিংকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর গাইবেন না জগজিৎ সিং; গতকাল সোমবার সকাল আটটা ১০ মিনিটে না-ফেরার দেশে চলে গেছেন ভারতের এই প্রখ্যাত গজলশিল্পী। মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যুর সময় জগজিতের বয়স ছিল ৭০। গত ২৩ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় ‘কিং অব গজল’কে। এরপর একটি অস্ত্রোপচারও করা হয়। কিন্তু তার পরও অবস্থা অপরিবর্তিতই থেকে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে জগজিতের মৃত্যুর খবর জানান তাঁর চিকিৎসক সুধীর নান্দগাওকার। ১৯৪১ সালের ৮ ফেব্রুয়ারি রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্ম নেন এই শিল্পী। সংগীতে ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে। ভারতের অন্যতম গজলশিল্পী চিত্রা সিং তাঁর স্ত্রী। বাংলাসহ একাধিক ভাষায় গান করেছেন জগজিৎ। পেয়েছেন ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ পদক। তাঁর মৃত্যুর পর প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর বললেন, ‘সংগীতজগতের বিরাট এক ক্ষতি হয়ে গেল। তাঁকে আমি খুব ভালো করে জানতাম। ভেবেছিলাম, কোমা থেকে সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু সৃষ্টিকর্তা তো তা হতে দিলেন না। কঠোর পরিশ্রম করতেন জগজিৎ। গাইতেন হূদয় দিয়ে।’ এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সবার কাছে গজলগানকে পৌঁছে দিয়েছিলেন তিনি। ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গার অসংখ্য সংগীতপিপাসুকে আনন্দ দিয়েছেন এই শিল্পী। সৃষ্টিকর্তার আশীর্বাদপ্রাপ্ত কণ্ঠ ছিল তাঁর।’ আশা ভোঁসলে জানান, মনের শান্তির জন্য জগজিতের গান শুনতেন তিনি। বললেন, ‘প্রতিদিন ক্লান্তি-একঘেয়েমি কাটানোর একটাই সমাধান আমার কাছে—জগজিতের রেকর্ড বাজানো।’ জগজিতের স্ত্রী চিত্রার প্রতি সমবেদনা জানিয়ে আশা বলেন, ‘তাঁর জন্য খুব কষ্ট হচ্ছে। এর আগে ছেলেটাকে হারিয়েছেন তিনি। এবার স্বামীও চলে গেলেন তাঁকে একদম একা করে।’ উল্লেখ্য, জগজিৎ ও চিত্রার একমাত্র সন্তান বিবেক ১৯৯০ সালে মাত্র ১৮ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। বাংলাদেশের শিল্পী রুনা লায়লা বলেন, ‘সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন ফোনে আমাদের কথা হয়েছিল। আজ (সোমবার) সকালে খবরটা শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আজ খুব মনে পড়ছে, নব্বইয়ের দশকে লন্ডনে “ইন্টারন্যাশনাল সা রে গা মা পা”র একটি বিশেষ পর্ব আয়োজন করা হয়। ওই পর্বে জগজিৎ সিং, মেহেদী হাসান, গুলাম আলী, ফরিদা খানম এবং আমি বিচারক ছিলাম। ক্রিসমাস ও বড়দিন উপলক্ষে জগজিৎ সিং একটি গান তৈরি করেছিলেন। আমরা বিচারকেরা তাতে কণ্ঠ দিয়েছিলাম। আমাকে দিয়ে তিনি গানটির ক্লাসিক্যাল অংশ গাইয়েছিলেন। আমাকে তিনি ডাকতেন বাঙাল কি জাদুগরনি। আমি আজ আমার সেই ভাইকে হরিয়েছি।’ গীতিকার জাভেদ আখতার জগজিতের মৃত্যুকে বলিউডের জন্য বিশাল ক্ষতি বলে উল্লেখ করেন।শিল্পী ঊষা উত্থুপও জানালেন চিত্রা সিংয়ের প্রতি সমবেদনা, ‘বিশ্বাসই করতে পারছি না, কী হয়ে গেল! তাঁর কারণেই আজ সাধারণ মানুষও গজল উপভোগ করতে শিখেছে। তিনি সেই শিল্পী, যিনি গজলেও গিটারের মতো বাদ্যযন্ত্র যুক্ত করেছিলেন।’ ‘তিনি ছিলেন প্রথম খাঁটি ভারতীয় গজলশিল্পী। তাঁর আগের সবাই ছিলেন ক্লোন। হূদয়ছোঁয়া গান গাইতেন জগজিৎ।’ বললেন বলিউডের অভিনয়শিল্পী অনুপম খের।ভারতের আরেক প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস জানালেন তাঁর অনুভূতি, ‘জগজিতের গাওয়া গজল এতটাই শ্রুতিমধুর ছিল যে শ্রোতারাও তাতে গলা মেলাতেন। তাঁর মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত।’ টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও বিবিসি।