জগজিৎ সিংকে স্মরণ করলেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গজলশিল্পী জগজিত্ সিংয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের শিল্পী রুনা লায়লার। আজ সোমবার সকালে জগজিৎ সিংয়ের মৃত্যু সংবাদ শুনে শোকে স্তব্ধ হয়ে যান রুনা। জানালেন, বিভিন্ন সময় তাঁদের মধ্যে ফোনে কথা হতো। রুনা লায়লা বলেন, ‘সম্প্রতি জগজিৎ সিং বাংলাদেশে এসেছিলেন। তখনো ফোনে আমাদের কথা হয়েছিল। এরপর সম্প্রতি আমি মুম্বাই গিয়েছিলাম। তাঁর অসুস্থতার খবরটা আগেই শুনেছি। মুম্বাই গিয়ে জানতে পারলাম, লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। বিপদ কেটে গেছে। ভেবেছিলাম, আমরা আবার তাঁর গান শুনতে পাব। কিন্তু এখন সব শেষ।’ রুনা আরও বললেন, ‘আজ (সোমবার) সকালে খবরটা শোনার পর মনটা খারাপ হয়ে গেল।’নব্বইয়ের দশকে লন্ডনে ‘ইন্টারন্যাশনাল সা রে গা মা পা’র একটি বিশেষ পর্ব আয়োজন করা হয়। ওই পর্বে বিচারক ছিলেন জগজিৎ সিং, মেহেদী হাসান, গুলাম আলী, ফরিদা খানম ও রুনা লায়লা। রুনা বললেন, ‘আজ খুব মনে পড়ছে, ইন্টারন্যাশনাল সা রে গা মা পার ওই অনুষ্ঠানটির কথা। ক্রিসমাস ও বড়দিন উপলক্ষে জগজিত্ সিং একটি গান তৈরি করেছিলেন। আমরা বিচারকেরা তাতে কণ্ঠ দিয়েছিলাম। আমাকে দিয়ে তিনি গানটির ক্লাসিক্যাল অংশ গাইয়েছিলেন। আমাকে তিনি ডাকতেন বাঙাল কি জাদুগরনি। আমি আজ আমার সেই ভাইকে হারিয়েছি।’