জগত্টাকে হাতের মুঠোয় নেওয়ার অঙ্গীকার শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জগত্টাকে হাতের মুঠোয় নিয়ে বিশ্ব জয়ের অঙ্গীকার করল। আজ বুধবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উত্সবে অংশগ্রহণকারী প্রতিযোগী ও উপস্থিত শত শত শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে। জেলার চারটি কলেজ ও ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এতে অংশ নেয়। উত্সবে উপস্থিত শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দ ও আবিষ্কারের উন্মাদনা।সকাল ১০টায় মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার দৃপ্ত শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত উল্যাহ ভূঁইয়া বলেন, আগামী বিশ্ব হবে ইন্টারনেট-নির্ভর। তখন বদলে যাবে নিরক্ষরতার সংজ্ঞা। যে ইন্টারনেট জানে না তখন সেই ব্যক্তিকে বলা হবে নিরক্ষর। তাই চোখের আলোয় নই, জগত্ দেখতে হবে অন্তর্দৃষ্টি ও কল্পনা শক্তি দিয়ে। জ্ঞান ও কল্পনার আলো ছড়াতে হবে চারদিকে। উদ্বোধনী বক্তব্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আহসান আলী বলেন, গ্রামীণফোনের সহযোগিতায় এ দেশের পাঠক-নন্দিত সংবাদপত্র প্রথম আলো ব্যতিক্রম ধর্মী ও যুগোপযোগী এ উত্সবের আয়োজন করে পত্রিকাটি আবারও প্রমাণ করল তথ্যপ্রযুক্তিনির্ভর একটি আধুনিক উন্নত দেশ বিনির্মাণে একটি সংবাদপত্র কত বড় ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানমনস্ক নতুন প্রজম্মের মন জয় করা এ ধরনের অনুষ্ঠান আরও গ্রহণ করার জন্য তিনি প্রথম আলো ও গ্রামীণফোনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার ইমতিয়াজ আহমেদ এবং মেহেরপুর বন্ধুসভার সভাপতি ডা. আবুল বাশার।