জগন্নাথ, কুমিল্লা, নজরুল বিশ্ববিদ্যালয়ও চলবে সরকারি অর্থায়নে
নিজস্ব অর্থায়নে চলার বিষয়ে জগন্নাথ, কুমিল্লা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনের ধারা সংশোধন করা হবে। এতে করে এই তিনটি বিশ্ববিদ্যালয় অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতোই সরকারি অর্থায়নে চলবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।কামাল আবদুল নাসের চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করা হচ্ছে। তিনি জানান, এর আগে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ের সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষাসচিব উপস্থিত ছিলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষাসচিব জানান, প্রধানমন্ত্রীর এ নির্দেশ শিগগিরই কার্যকর হবে।অন্য এক প্রশ্নের জবাবে কামাল আবদুল নাসের চৌধুরী জানান, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের ও সাংবাদিকদের নামে যেসব মামলা করা হয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে তাঁকে জানিয়েছেন।