অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ, কুমিল্লা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও সরকারি অর্থায়নে চলবে। এ লক্ষ্যে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব আইন সংশোধন করা হচ্ছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক আন্দোলনের ঘটনায় ১৫ সাংবাদিকসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহার হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে জগন্নাথের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে তাঁর কথা হয়েছে। উপাচার্য মামলা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৭(৪) ধারায় বলা আছে, ‘বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং পঞ্চম বছর হতে উক্ত ব্যয়ের শতভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হতে বহন করা হবে।’ ২০০৬ সালে প্রণীত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৩) ধারায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দশম বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের শতভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস থেকে বহনের বিধান রয়েছে।আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন প্রথম আলোয় ‘তিন বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্গাপূজার ছুটি এগিয়ে এনে ২৯ সেপ্টেম্বর থেকে ছুটি ঘোষণা করে। আইনটি সংশোধনের বিষয়েও কর্তৃপক্ষ নানামুখী উদ্যোগ নেয়।গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব বলেন, দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এ তিন বিশ্ববিদ্যালয়ের আইনের ওই ধারা সংশোধনের নির্দেশ দেন। এ সময় তিনিও উপস্থিত ছিলেন।সচিব বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রণীত আইনে এই বিষয়গুলো বাস্তবসম্মত নয় এবং শিক্ষাসহায়ক নয় বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল তিনটি বিশ্ববিদ্যালয়ের আইনে এ ধরনের বিধান কোনোক্রমেই যুক্তিসংগত নয় বলেও প্রধানমন্ত্রী মত দেন এবং তিনি এ তিন বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। ওই ধারা খুব দ্রুতই সংশোধন করা হবে।সংশোধন করে কী করা হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষাসচিব বলেন, ‘অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আলোকে ও সামঞ্জস্য রেখেই এ তিন বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করা হবে।’ তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে ব্যবস্থা নিতে আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটে সরকারের সহায়তা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।