জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনজনকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনজন ছাত্রকে বহিষ্কার ও একজনের সনদ বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত তিনজনকে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আজিজুর রহমান (২০০৬-০৭ শিক্ষাবর্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) ও মনোবিজ্ঞান বিভাগের এইচ এম কিবরিয়া (২০০৬-০৭ শিক্ষাবর্ষ)। সনদ বাতিল হওয়া ছাত্র হলেন সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ ইউনূস আলী (২০০২-০৩ শিক্ষাবর্ষ)।গত বছরের ডিসেম্বরে বিশ্বজিৎ দাসকে হত্যার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাতজন ছাত্রকে বহিষ্কার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১০ জন ছাত্রকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপি-সমর্থিত ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হন পথচারী বিশ্বজিত্। হামলার আধা ঘণ্টা পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।