জগন্নাথ বিশ্ববিদ্যালয় শনিবার খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন থেকে শনিবারও খোলা থাকবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অহিদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত শনিবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। ‘জগন্নাথে সেশনজট বাড়ার আশঙ্কা: শুক্র ও শনিবার ক্যাম্পাস খোলা রাখার দাবি শিক্ষার্থীদের’ শিরোনামে ৩ এপ্রিল ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ১৫ এপ্রিল থেকে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগে ছয় মাসের সেমিস্টার শেষ করতে দেড় থেকে দুই গুণ বেশি সময় লাগছে। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতার কারণে সেশনজটের মাত্রা আরও বেড়ে যাবে। এ জন্য শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখাসহ গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে গত মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা ছিল মাত্র নয় দিন। হরতালের জন্য নয় দিন এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির জন্য ১৩ দিন ক্লাস-পরীক্ষা হয়নি। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ২৪ দিন। এর মধ্যে সরকারি ছুটি ছিল ১৭ দিন। আর হরতালের কারণে বন্ধ ছিল সাত দিন।