জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা প্রত্যাহার করাসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে প্রায় ৫০০ সাধারণ শিক্ষার্থী ‘মেসে আর থাকব না, হল আমার ঠিকানা’ ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর বেলা ১১টার দিকে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা হাবিবুর রহমান হলটি প্রায় দেড় বছর আগে উদ্ধার করা হয়েছে। কিন্তু তার আইনি জটিলতা এখনো মেটাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া আড়াই বছর আগে একটি ছাত্রী হল নির্মাণের জন্য ৪০ কোটি টাকা সরকারি বরাদ্দ পেলেও এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। তাই নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।এদিকে, সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আন্দোলনের সমন্বয়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মানা না হলে আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন ও লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। এর পরও যদি দাবি না মানা হয়, তাহলে পুরান ঢাকায় লাগাতার হরতাল দেওয়া হবে।’শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, পরিবহন-সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে একনেক থেকে পাওয়া ১০০ কোটি টাকার স্বচ্ছ হিসাব দেওয়া।সংবাদ সম্মেলনে দর্শন বিভাগের শিক্ষার্থী আবু তাহের, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র জামাল উদ্দিন ও মো. হাসান, আইনের মেহেদি হাসান, ভূগোল ও পরিবেশের জাহিদ হাসান এবং বাংলার সেবক ভূইয়া উপস্থিত ছিলেন।নতুন হল নির্মাণ ও বেদখল থাকা হল উদ্ধারের বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলের জমি উদ্ধার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া নতুন হল নির্মাণে ঢাকা-মাওয়া রোডে জমি কেনার প্রস্তুতি চলছে।