জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২৮ নেতা-কর্মী আটক
হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমানসহ ২৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জজকোর্ট এলাকা থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের আটক করে।স্থানীয় সূত্র জানায়, খলিলুর রহমানসহ ছাত্রদলের নেতা-কর্মীরা আজ জেলা জজকোর্টে মামলার হাজিরা দিতে গিয়েছিলেন। ফেরার পথে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের আটক করে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দাবি, পুলিশ বিনা কারণে তাঁদের গ্রেপ্তার করেছে। তাঁরা মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ তাঁরা অস্বীকার করেন।২৮ নেতা-কর্মীকে আটকের বিষয়টি কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহির রায়হান প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে নিরপরাধ প্রমাণিত হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।