জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ৫ কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রের মাথা ফাটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের কর্মীরা। সকালে এ ঘটনার পর ওই ছাত্রের সহপাঠীরা বিক্ষোভ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেলেই অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কার করে। আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ঘটনা ঘটে।সূত্র জানায়, আজ সকাল ক্যাম্পাসে মিডটার্ম পরীক্ষা দিতে আসেন হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত বিন সাত্তার। পৌনে নয়টার দিকে তিনি বিভাগের ৩১৫ নম্বর কক্ষে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে ওই কক্ষে ঢুকে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে একজন সহকারী প্রক্টর ছাত্রদের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।এ ঘটনার পর ওই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে নতুন ভবনের সামনে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর উপাচার্যের সঙ্গে সাক্ষাত্ করে দোষীদের শাস্তি দাবি করেন তাঁরা।বিক্ষোভের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী সভা করে। সভায় উপাচার্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। এ ছাড়া ঘটনা তদন্তে বাণিজ্য অনুষদের ডিন মোশাররাফ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেজিস্ট্রার ওহিদুজ্জামান পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেন। ছাত্রলীগের বহিষ্কৃত কর্মীরা হলেন তারিক বিন জোহা, মোস্তফা কামাল, জুবায়ের প্রিন্স, জামাল হোসাইন ও সোহাগ। তাঁরা সবাই ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি কামরুল হাসানের কর্মী।প্রক্টর কাজী আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে চূড়ান্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।