জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতিতে আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে দুর্গাপূজার ছুটি দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছুটি শুরু হওয়ার কথা ছিল আগামী ৫ অক্টোবর থেকে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, উদ্ভূত পরিস্থিতি শান্ত করতেই পূজার ছুটি আগেই শুরু করা হলো। ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান তিনি।এদিকে গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জন সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মামলা করার ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা প্রত্যাহার ও আইন বাতিলের দাবিতে গতকাল পূর্বনির্ধারিত ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সকাল থেকেই ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করতে থাকেন। এ সময় প্রধান ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়।দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে তাঁর কুশপুত্তলিকাও দাহ করেন। কয়েকটি টায়ারে আগুন দেওয়া হয়। বেলা দেড়টার পর ক্যাম্পাস শান্ত হয়ে আসে।বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে মামলায় অভিযুক্ত সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রশাসন সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য সকাল থেকে শিক্ষকসহ ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন। দুপুরে তিনি বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও প্রোক্টরিয়াল বডির সঙ্গে জরুরি সভা করেন। এ সময় শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে ক্যাম্পাস বন্ধের পক্ষে মত দেন।ভারপ্রাপ্ত প্রোক্টর অশোক কুমার সাহা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন নতুন দাবি তুলে আন্দোলন করছেন। এটা সন্দেহজনক। এতে বাইরের কারও ইন্ধন থাকতে পারে।গতকাল সন্ধ্যায় উপাচার্য প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের দাবি মেনে আটক ছাত্রদের মুক্তির ব্যবস্থা করেছে প্রশাসন। আইন বাতিলের ব্যাপারে শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। তার পরও কিছু অস্থির শিক্ষার্থী ক্যাম্পাসে অযৌক্তিকভাবে আন্দোলন করেছেন। তাঁরা কারও কোনো কথা শুনছেন না।নিজস্ব আয়ে চলতে হবে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এ ধারা বাতিলের দাবিতে গত রোববার থেকে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলনে নামেন।সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় সন্দেহের বশবর্তী না হয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ১৫ জন সাংবাদিকসহ ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি এ পরামর্শ দিয়েছে।গতকাল আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা ওই বিবৃতিতে বলা হয়, প্রশাসনের এ ধরনের আচরণ মতপ্রকাশের অধিকার তথা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম হুমকি। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড বর্তমান গণতান্ত্রিক সরকারের দায়িত্ব প্রশ্নবিদ্ধ করবে। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।