জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর ছুরিকাঘাতে মো. কামাল (২২) নামের একজন কর্মচারী খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ তিনজনকে আটক করেছে। কর্মচারীদের অভিযোগ, সম্পর্কের তথ্য ফাঁস করে দেওয়ায় ইকবাল ক্ষিপ্ত হয়ে কামালকে হত্যা করেছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকাল সাড়ে নয়টার দিকে কামালকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের (ক্যানটিনের) দ্বিতীয় তলায় ডেকে নেন ইকবাল। কিছু বুঝে ওঠার আগেই ইকবাল তাঁর পেটের বাঁ পাশে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে যান। কামালের চিত্কারে অন্য কর্মচারীরা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান কামাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কামালের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিত্সকেরা সাংবাদিকদের জানান।বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ভাষ্য, ইকবালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক কর্মচারীর স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী কামাল। সম্পর্কের বিষয়টি অন্য কর্মচারীদের কাছে ফাঁস করে দেওয়ায় ইকবাল তাঁর ওপর ক্ষিপ্ত হন। আজ এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে কামালকে ছুরিকাঘাত করেন ইকবাল । কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ইকবাল, ওই নারী ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।