জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের হাতে চার শিক্ষিকা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক সহকারী অধ্যাপককে নেওয়ার জন্য তাঁর ব্যক্তিগত গাড়িচালক গাড়ি নিয়ে শহীদ মিনারের সামনে আসেন। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী গাড়িচালককে রাস্তা থেকে গাড়ি সরাতে বলেন। গাড়িচালক ওই শিক্ষিকার পরিচয় দিয়ে একটু সময় চাইলে ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।এ সময় ওই শিক্ষিকা ইতিহাস বিভাগের দুজন ও ইংরেজি বিভাগের এক শিক্ষিকা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ছাত্রলীগের কর্মীরা। এ বিষয়ে বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা।এ ব্যাপারে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।