জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে গতকাল মঙ্গলবার উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে।চাঁদাবাজিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীদের একটি পক্ষ রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের কর্মীদের ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গত সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানের কর্মী নান্নু মিয়ার সঙ্গে আহ্বায়ক সাইফুল ইসলামের পক্ষের কর্মী নয়ন ও টনির বচসা ও মারামারির জের ধরে গতকালের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু মিয়া সোমবার মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরামবাগ হোটেলে বসে গল্প করছিলেন। তাঁর হাতে এ সময় ওই সমিতির চাঁদার রসিদ ছিল। রসিদ দেখে আহ্বায়ক পক্ষের কর্মী নয়ন ও টনি নান্নুর কাছে নাশতা খাওয়ার জন্য টাকা চান। নান্নু টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ধস্তাধস্তি হয়। ওই ঘটনার জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মহড়া দেন যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামানের কর্মীরা। পরে আহ্বায়ক সাইফুলের পক্ষের কর্মীরাও মহড়া দেন। বেলা সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের সামনে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। আরিফুজ্জামানের কর্মীরা সাইফুলের কর্মীদের পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। সাইফুলের কর্মীরা কিছুক্ষণ পর ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাঁদের আবারও ধাওয়া করে প্রতিপক্ষ। বেলা পৌনে দুইটার দিকে সাইফুলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে আরিফের কর্মীদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। এ সময় সাইফুলের কর্মীরা প্রতিপক্ষের কর্মীদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। সংঘর্ষে ছাত্রলীগের কর্মী নয়ন, শিব্বির, ওলিউর, আবু কাউছার, নাজমুল হাসান, রেদওয়ান, রিশাদ, বাবু, টনি ও আল-আমিন আহত হন। সংঘর্ষ চলাকালে বেলা দুইটায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনিক ভবনের দোতলায় জরুরি সভা করেন।সভাশেষে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ নামধারী কিছু উচ্ছৃঙ্খল ছাত্র এ ঘটনা ঘটিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষের কর্মীরা নান্নুর কাছে চাঁদা চায়নি। যুগ্ম আহ্বায়কের কর্মীরা বিনা কারণে আমার পক্ষের কর্মীদের মারধর করেছে।’সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নান্নু মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির চাঁদা তুলছিলেন। কিসের টাকা তোলা হচ্ছে, তা জানতে চাইলে নান্নু মিয়া আমার পক্ষের কর্মীদের মারধর করেন।’ সাইফুল বলেন, সোমবারের ওই ঘটনার সূত্র ধরেই গতকাল দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাতে আরামবাগ হোটেলে জুনিয়র-সিনিয়র কথা-কাটাকাটি হয়েছে। এ ঘটনার বিচার ওই দিন রাতেই করা হয়েছে। কিন্তু বিনা কারণে সাইফুলের কর্মীরা রামদা, চাপাতি ইত্যাদি অস্ত্র নিয়ে আমার কর্মীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দীন আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।১৭ কর্মী বহিষ্কৃত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ১৭ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ কথা জানিয়েছেন। এ ছাড়া সাইফুল ইসলাম ও আরিফুজ্জামানকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। ছাত্রলীগের বহিষ্কৃত কর্মীরা হলেন: সৌরভ, কামাল, আগুন, নান্নু মিয়া, টনি, নয়ন, ইউনুস, রেদওয়ান, হিরণ্ময়, বাবু, শিব্বির, দ্বীন ইসলাম, জাহিদ, ফয়সাল, রফিক, আলাউদ্দিন কাউসার ও সোহাগ।