জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩
চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ছাত্রলীগের তিন কর্মী। আহত ছাত্রলীগ কর্মীরা হলেন শিব্বির, আবু কাওসার ও নূর রহমান। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দের পক্ষের কর্মী নয়ন গতকাল সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরামবাগ হোটেলে সভা চলাকালে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কাছ থেকে চাঁদা দাবি করেন। যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান পক্ষের কর্মীরা তাতে বাধা দেন। এতে নয়নের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টায় খন্দকার আরিফুজ্জামানের কর্মীরা ক্যাম্পাসে শোডাউন দেয়। দুপুর ১২টার দিকে সাইফুল পক্ষের শতাধিক কর্মী ক্যাম্পাসে মহড়া দেওয়া শুরু করে। এতে উভয় পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর যুগ্ম আহ্বায়ক পক্ষের কর্মীরা আহ্বায়ক পক্ষের কর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন। ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর কামাল উদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ঘটনাটি কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’