জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ রোববার শিক্ষকের গাড়ির ধাক্কায় এক ছাত্রীর আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সূত্র জানায়, আজ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অর্থনীতি বিভাগের এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সমাজকর্ম বিভাগের এক ছাত্রী আহত হন। এতে ছাত্রলীগের সভাপতি পক্ষের কয়েকজন কর্মী ওই শিক্ষকের গাড়ির গতি রোধ করেন। শিক্ষক গাড়ি থেকে নেমে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা সত্ত্বেও ছাত্রলীগের ওই কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গাড়িটি ভাঙচুর করতে উদ্যত হন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের বেশ কয়েকজন কর্মী শিক্ষকের পক্ষ নিলে উভয় পক্ষের মধ্যে কাথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের সেলিম, আজমল, হীরম্ব কুমার, নয়ন, রিয়েল, সুমন, তানভীর ও আলাউদ্দিন আহত হন। আহত ছাত্রদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।