জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় এক ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র মো. ইমরান কায়েছকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে দুই ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে প্রশাসন এই ব্যবস্থা নেয়। সূত্র জানায়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে বিজ্ঞান অনুষদ চত্বরে ইমরান রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দুই ছাত্রীর হাত ধরে টানাটানি করে। বাড়াবাড়ি করলে তাঁদের হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেয় সে। এ ঘটনার পর আজ দুপুরে দুই ছাত্রী উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ও প্রক্টর কাজী আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাত্ করে ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। উপাচার্য তাত্ক্ষণিকভাবে ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ছাত্রীরা লিখিত অভিযোগে জানান, ইমরানের প্রেমিকা তাঁদের সঙ্গে ভাড়া থাকতেন। প্রেমের সূত্র ধরে ইমরান ওই বাসায় প্রায় যাতায়াত করতেন। একদিন আপত্তিকর অবস্থায় দেখার পর বাড়ির মালিক তাঁর প্রেমিকাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। মাস তিনেক আগের এ ঘটনার পর থেকেই ইমরান ওই দুই ছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। মুঠোফোনে দীর্ঘদিন ধরে তিনি নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন ছাত্রীরা। প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনি ব্যবস্থা নিতে কোতোয়ালি থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’