জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ইমরান, রকি, হিমেল, সোহেল ও জালাল। কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী কয়েকজন শিক্ষার্থী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেন। এর প্রতিবাদ করতে গিয়েই সংঘর্ষের সূত্রপাত।বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলা এ সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজন চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালেই মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চাঁদা আদায় ও ছুরিকাঘাতের অভিযোগ এনে সদরঘাটের ব্যবসায়ীরা আজ বিকেল তিনটার দিকে দোকানপাট বন্ধ করে রাস্তায় মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস, অগ্রণী ব্যাংক শাখাসহ কয়েকটি ভবনের কাচ ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৌঁছলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১০ জন শিক্ষার্থী ও একজন ব্যবসায়ী আহত হন।ব্যবসায়ীদের অভিযোগ, আজ বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী কয়েকজন শিক্ষার্থী ইমরান নামের স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাত করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করলে শিক্ষার্থীরা তাঁদের প্রতিহত করতে যান। এর জেরে সংঘর্ষ শুরু হয়।অভিযোগের ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।