জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করেন। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতর আটকা পড়েন।বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি তিন হাজার টাকা বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে ছাত্র জোটের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে দুটি তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতর আটকা পড়েন। বেলা দুইটার দিকে উপাচার্য প্রশাসনিক ভবন থেকে বের হতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন। পরে পুলিশ ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সহযোগিতায় ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, বেলা দুইটার দিকে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে প্রশাসনিক ভবনের নিচে আসেন। কিন্তু উপাচার্যের কোনো কথা না শুনেই প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য স্থান ত্যাগ করতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন। তখন উপাচার্যকে গাড়িতে তুলে দেন তিনি।অশোক কুমার সাহা আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কোনো ভিত্তি নেই। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অরুণ কুমার গোস্বামী বলেন, উপাচার্য বেরিয়ে আসার সময় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় অনেক শিক্ষার্থী কটু ভাষায় কথা বলেন। ঘটনা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে উপাচার্য ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এর আগে সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সাত বছর পরও একজন শিক্ষার্থীরও আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।