জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশে যোগ দিতে এলে পুলিশ সেখান থেকে কয়েক দফায় তাঁদের আটক করে।‘ব্লগার-অনলাইন অ্যাকটিভিস্ট’ নামের একটি সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য ওই সংহতি সমাবেশের আয়োজন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিতে সেখানে যান। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশ কয়েক দফায় সেখান থেকে তাঁদের আটক করে।রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানমালের ক্ষতি করবে—এমন খবর তাঁদের কাছে ছিল। এ নিয়ে শিক্ষার্থীরা ফেসবুকেও প্রচারণা চালায়। ওই সমাবেশের কোনো পূর্ব অনুমতি ছিল না। তাই তাঁদের আটক করা হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সীমিত পরিসরে সংগঠনটি ওই সমাবেশ করেছে বলে জানা গেছে।