জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মুঠোফোনের বার্তায় (ম্যাসেজ অপশন) গিয়ে Somoy লিখে স্পেস, JNU লিখে স্পেস, ইউনিটের নাম A লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।প্রশাসন জানায়, চলতি শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৮১০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছয় হাজার ৮৯৪ জন শিক্ষার্থী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন। গত শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় সূত্র জানায়, পরে সাক্ষাত্কারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।