জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশাসন জানায়, চলতি শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে ৭৯৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ছয় হাজার ২৯৯ জন শিক্ষার্থী। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি যেকোনো মুঠোফোন থেকে ক্ষুদে বার্তায় (মেসেজ অপশন) গিয়ে JNU লিখে স্পেস দিয়ে A লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানা যাবে। বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় সূত্র জানায়, পরবর্তী সময়ে সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।