জগন্নাথ হল থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তিতুমির কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে হলের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের ১৮৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে হল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।মারা যাওয়া ছাত্রের নাম দেবাশীষ দাস। তিনি তিতুমির কলেজের রসায়ন প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার শুয়োগ্রামে। দেবাশীষের বাবার নাম গৌরাঙ্গ লাল দাস, মায়ের নাম অঞ্জনা দাস।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে দুই-তিন দিন আগে ঘটনাটি ঘটেছে। প্রেমঘটিত বিষয় নিয়ে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।’হলের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, দেবাশীষের ভাই উত্তম দাস বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র। ২০০৮ সাল থেকেই তিনি ওই কক্ষে তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন। গত বৃহস্পতিবার উত্তম পূজার ছুটিতে বাড়ি চলে যান। কিন্তু প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা থাকায় থেকে যান দেবাশীষ।ওই কক্ষে দেবাশীষের সঙ্গেই থাকতেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র রনি সাহা। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত মঙ্গলবার আমি বাড়ি গিয়েছিলাম। আজ বিকেল পৌনে তিনটার দিকে হলে আসি। ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে আমি ধাক্কাতে থাকি। এ সময় দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ এসে নাকে লাগে। জানালা দিয়ে দেখি দেবাশীষের লাশ ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’মৃত্যুর খবর শুনে হলের শিক্ষার্থীরা ভবন ও কক্ষের আশপাশে এসে জড়ো হতে থাকেন। ছাত্ররা প্রথমে প্রাধ্যক্ষকে বিষয়টি জানান। পরে বেলা তিনটার দিকে প্রক্টর পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। বিকেল পাঁচটায় কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। দেবাশীষ সম্পর্কে রনি সাহা জানান, একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ ব্যাপারে তিনি কখনোই কিছু বলতেন না। তবে মনে হয়েছে পরিবার সম্পর্কটিকে মেনে নিচ্ছিল না।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘দেবাশীষের ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বি এম কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।’ঘটনার পরপরই হল কর্তৃপক্ষ জরুরি সভায় বসে। হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস বলেন, ঘটনা তদন্তে ওই ভবনের হাউস টিউটর সুব্রত কুমার সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।