জগন্নাথ হলে ভয়াল ২৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিতে পড়ে আছে রক্তে রাঙানো দুটি লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দক্ষিণ বাড়ির ফটক দিয়ে ঢুকতেই এমন দৃশ্যে আঁতকে উঠতে হলো। ফুলবাগানের পাশে আরেকটি লাশ। গায়ে কাঁপুনি ওঠে। এ রকম বহু লাশ জগন্নাথ হলজুড়ে। তবে এটি ৪০ বছর আগেকার একটি নৃশংস ঘটনার নতুন উপস্থাপনা।এটি ২৫ মার্চের গণহত্যার ইনস্টলেশন (২৫ মার্চের কালরাতের স্থাপনা শিল্পকর্ম)। এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একাত্তরের ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাসহ নারকীয় তাণ্ডবলীলা। নিজামীর হাতে ফাঁসির দড়ি। পাশেই একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত নারীর লাশ। আরও অনেক ঘটনা।৪০ বছর ধরে মানুষ জগন্নাথ হলের ঘটনার কথা শুনছেন। তাঁরা গতকাল প্রত্যক্ষ করার একটি সুযোগ পেলেন। তাই গতকাল সারা দিন এই ছাত্রাবাসে আগ্রহী মানুষের ভিড় ছিল।গত শুক্রবার সন্ধ্যায় গণহত্যার আদলে ইনস্টলেশনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। রাত আটটায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের গান ও শ্রুতিনাটক।রাত ১০টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া আলোর মিছিল জগন্নাথ হলের গণকবরে এসে থেমে যায়। মিছিলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।