জগন্নাথও সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ৪ এপ্রিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু এর তিন মাস পর ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভায় আবার শুক্র ও শনিবার ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নতুন করে সেশনজটের বেড়াজালে পড়ার আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।জানা যায়, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে গত মার্চে বিশ্ববিদ্যালয় খোলা ছিল মাত্র নয় দিন। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ২৪ দিন। এভাবে দিনের পর দিন ক্যাম্পাস বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয়নি। তখন সপ্তাহে শনিবার ক্যাম্পাস খোলা রাখার জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় শনিবার ক্যাম্পাস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, সপ্তাহে দুই দিন ছুটি থাকায় বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে আগের সময় অনুযায়ী সকাল আটটা থেকে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।