জগন্নাথপুর পৌর শহরে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহর জলমগ্ন হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখা গেছে, পৌর এলাকার ইকড়ছই, জগন্নাথপুর বাসুদেববাড়ী, মন্দিরবাড়ী রাস্তা, শেরপুর, যাত্রাপাশা, ভবানীপুর ও উপজেলা সদর জামে মসজিদসহ বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। পৌর এলাকার বাসুদেববাড়ীর বাসিন্দা মৃদুল চৌধুরী বলেন, সামান্য বৃষ্টি হলেই আমার বাড়িতে পানি উঠে যায়। বারবার আবেদন করার পরও পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেয়নি। পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা সুলতান মিয়া জানান, টানা বর্ষণে জগন্নাথপুর-সুনামগঞ্জ রোডসংলগ্ন তাঁর বাড়িসহ এলাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ড্রেন নির্মাণের জন্য পৌরসভাকে অনুরোধ করলেও তারা নীরব ভূমিকা পালন করছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, পৌরসভার পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। পৌর এলাকার সবগুলো খাল বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপ্রতুল বরাদ্দের কারণে সব ওয়ার্ডে ড্রেনের কাজ করা সম্ভব হচ্ছে না।