জগন্নাথপুর পৌরসভা: এক দশক পরও উন্নয়নশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাজ্যপ্রবাসীর ঠিকানা। সারা বছরই থাকে প্রবাসীদের আনাগোনা। প্রবাসীদের সন্তুষ্ট করতে পৌরসভা প্রতিষ্ঠার এক দশক পরও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় বাড়েনি মানুষের জীবনযাত্রার মান। শ্রেণীবিন্যাসে সেই দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবেই মূল্যায়িত হচ্ছে। সড়কগুলোতে সড়কবাতিও নেই। বিদ্যুৎসমস্যার কারণে সড়কবাতি দেখতে পারেননি পৌরবাসী। জনযোগাযোগে রয়েছে এখনো সাঁকোর ব্যবস্থা। বিদ্যুৎ, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয় জলের সংকটের পাশাপাশি জনজীবনের সব গুরুত্বপূর্ণ সমস্যা জিয়ে রয়েছে। নালা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি হয় বর্ষাকালে। সামান্য বৃষ্টি হলেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভা ঘোষণার পর এক দশকের মধ্যে উন্নয়নে পরিপূর্ণ এক পৌরসভা হওয়ার কথা ছিল। কিন্তু এক দশক পরও উন্নয়নশূন্য জগন্নাথপুর পৌরসভা। পৌরসভা ঘোষণা: ১৯৯৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদ সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জনসভায় জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা দেন। ঘোষণার পর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মুকিতকে পৌর প্রশাসক নিযুক্ত করে এর কার্যক্রম শুরু করা হয়। ২০০০ সালের ১৩ নভেম্বর প্রথম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতা হারুনূর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছরের ২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করলে ২০০১ সালের ১৫ ডিসেম্বর উপনির্বাচনে তাঁর ছেলে মিজানুর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৬ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন যুক্তরাজ্যপ্রবাসী অবদুল মনাফ। ২২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর ভোটার ২২ হাজার ২২৬ জন।নালায় ঢাকনা নেই, বৃষ্টিতে জলমগ্ন শহর: বৃষ্টি হলেই জগন্নাথপুর পৌর শহর জলমগ্ন হয়ে পড়ে। পৌর শহরের সব কটি খাল ভরাট হয়ে যাওয়ায় এবং পয়োনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। জগন্নাথপুরের বাসুদেববাড়ীর বাসিন্দা মৃদুল চৌধুরী জানান, সামান্য বৃষ্টি হলেই বাসাবাড়ির উঠোনে পানি জমে। চারদিকের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বারবার পৌরসভার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও লাভ হয়নি।ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা রোমানুল হক বলেন, জলাবদ্ধতা পৌরসভার অন্যতম সমস্যা। সুষ্ঠু পরিকল্পনা না থাকায় এ সমস্যার সমাধান হচ্ছে না। পৌরসভার উদ্যোগে যেসব নালা নির্মাণ করা হয়েছে, সেগুলোর অধিকাংশই ডাকনাবিহীন। এ কারণে নালাগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। পৌরসভার সহকারী প্রকৌশলী পুর্ণেন্দু কুমার দাশ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নালা নির্মাণের কাজ আমরা শুরু করেছিলাম। পর্যাপ্ত অর্থ না থাকায় তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’এখনো সাঁকো: জগন্নাথপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে এক বছর হলো। মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্ট (এমএসপি) প্রকল্পের মাধ্যমে পৌরসভায় সাত কোটি টাকার উন্নয়নকাজ করা হয়। এর সবই ছিল রাস্তা সংস্কারের কাজ। কিন্তু পৌরসভায় মাটির কাজ করা যায় না, এমন অভিযোগে পৌরসভার গুরুত্বপূর্ণ অনেক রাস্তাঘাটের সংস্কার হয়নি। রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে সাঁকোই চলাচলের একমাত্র ভরসা। পৌরসভার মন্দিরবাড়ী এলাকার বাসিন্দা মানস রঞ্জন রায় বলেন, ‘বর্ষা মৌসুমে আমাদের দুই হাজার পরিবারকে বাঁশের লম্বা সাঁকো দিয়ে চলাচল করতে হয়েছে। নেই রাস্তাঘাটের সুব্যবস্থা।’ তিনি জানান, আত্মীয়স্বজন এলে নিজেকে পৌরসভার নাগরিক হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। একই অভিযোগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যাত্রাপাশা গ্রামের রজত গোপের। তিনি জানান, পৌর এলাকার রাস্তাঘাটের অবস্থা নাজুক হওয়ায় রিকশাচালকেরাও যাতায়াত করতে চায় না।শুষ্ক মৌসুম ব্যতীত এখনো কিছু এলাকায় সাঁকোর মাধ্যমে যোগাযোগের কথা স্বীকার করে পৌরসভার প্রধান প্রকৌশলী নকিবুর রহমান জানান, এমএসপি প্রকল্পের মাধ্যমে সাত কোটি টাকা ব্যয়ে অধিকাংশ রাস্তাঘাটের সংস্কারকাজ করা হয়েছে। পৌরসভায় মাটির কাজ করার কোনো বরাদ্দ না থাকায় কিছু রাস্তার সংস্কার করা সম্ভব হচ্ছে না।বাসস্ট্যান্ড নেই, আছে যানজট: জগন্নাথপুর পৌরসভার যোগাযোগব্যবস্থা সিলেট ও সুনামগঞ্জমুখী। সুনামগঞ্জ সড়কে যাতায়াতের জন্য নির্দিষ্ট কোনো বাসস্ট্যান্ড না থাকায় বাসগুলো জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই নামক স্থানে রাস্তার ওপর রাখা হয়। এ কারণে ওই স্থানে সব সময় যানজট লেগেই থাকে। পৌর শহরে মাইক্রোবাস ও অটোরিকশার জন্য আলাদা কোনো স্থান না থাকায় এগুলো রাস্তার ওপরই রাখা হয়। এতে সৃষ্টি হয় যানজটের। জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান অনেকটা অনুযোগের সুরে বলেন, বাসস্ট্যান্ড না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় চালকদের। নিজস্ব বাসস্ট্যান্ড জরুরি হয়ে পড়লেও পৌর কর্তৃপক্ষ এখনো নিরুদ্বেগ।অজুহাত: শহরের আরেকটি বড় সমস্যা বিদ্যুতের লো-ভোল্টেজ। অভিযোগ রয়েছে, এ সমস্যার পুরোভাগ বিদ্যুৎ কর্তৃপক্ষের হলেও পৌর কর্তৃপক্ষ এ সমস্যার সমাধানে কোনো ভূমিকাই রাখতে পারছে না। লো-ভোল্টেজের অজুহাতে পৌর কর্তৃপক্ষ শহরের কোথাও সড়কবাতির ব্যবস্থা করেনি। তাই সন্ধ্যা হলেই পৌর শহরের বিভিন্ন গলি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য মুহিবুর রহমান বলেন, ‘পৌর মেয়রকে আহ্বায়ক করে আমরা বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের উদাসীনতার কারণে আন্দোলন বেশি দূর যায়নি। আমাদের সমস্যা রয়েই গেছে।’বিদ্যুৎসমস্যা বাসাবাড়ির সবচেয়ে বড় সমস্যা—এ কথা জানিয়ে গৃহিণী শিখা সরকার বলেন, ‘সন্ধ্যা হলে বিদ্যুৎ থাকলেও হারিকেন জ্ব্বালাতে হয়। টেলিভিশন, ফ্রিজ থাকা সত্ত্বেও লো-ভোল্টেজের কারণে এগুলো ব্যবহার করা যায় না। কীভাবে যে পৌরসভা শহরের সুবিধা পাই, বুঝি না।’হতাশার চিত্র: পৌরসভার স্যানিটেশনের চিত্র নাজুক। রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। নয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। এটি হলো ৫ নম্বর ওয়ার্ডের বাড়ীজগন্নাথপুর। পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিদুল হক বলেন, ‘উপজেলার পাঁচটি ইউনিয়ন যখন শতভাগ স্যানিটেশনের আওতাভুক্ত, তখন আমাদের পৌরসভার ৯টি ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা যায়নি। পৌর কর্তৃপক্ষ আন্তরিক হলে শতভাগ স্যানিটেশনভুক্ত করা খুব কষ্টকর ছিল না।’৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামের বাসিন্দা আফরোজ আলী জানান, তাঁর ওয়ার্ডের স্যানিটেশনের চিত্র খুবই করুণ। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজামুল হক বলেন, পৌরসভার নিজস্ব পানি সরবরাহের ব্যবস্থা এবং প্রয়োজনীয়সংখ্যক নলকূপ না থাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। পৌর পাঠাগার: জগন্নাথপুর পৌরসভা গঠনের পর থেকে প্রতিটি বাজেটে পৌর পাঠাগার স্থাপনের জন্য অর্থ বরাদ্দ রাখা হলেও ১০ বছরেও তা স্থাপিত হয়নি। পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমরা বারবার দাবি জানানোর পরও পৌরসভার উদ্যোগে একটি পাঠাগার স্থাপন করতে পারিনি। এসব বিষয়ে জনপ্রতিনিধিদের এমন উদাসীনতা আমাদের কষ্ট দিয়েছে।’পৌরসভার প্রশাসনিক দপ্তরের প্রধান সচিব মিছবা উদ্দিন ভূঁইয়া। তিনি সার্বিক সমস্যা আর নাগরিকদের চাওয়া-পাওয়া বিষয়ের অভিযোগ সরলভাবেই স্বীকার করেন। তিনি জানান, পৌরসভায় ৮২ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৯ জন। ২০০৯ সালে জগন্নাথপুর পৌরসভা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে। দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে যেসব সুয়োগ-সুবিধা থাকার কথা, তা এখনো পাওয়া যাচ্ছে না। পৌরসভার নেই নিজস্ব কোনো আয়ের উৎস। নেই রাস্তাঘাট নির্মাণের যন্ত্রপাতি, মিক্সার মেশিন, মার্কেট, ময়লা-আর্বজনা ফেলার নির্ধারিত স্থান, আবর্জনা বহনকারী ট্রাক ও বাসস্ট্যান্ড। নাগরিকদের হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স, সনদ ফি, ইজারাপ্রদানসহ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া অর্থ দিয়েই পৌরসভার কর্মচারীদের বেতন ও উন্নয়নকাজ করতে হয়।সরকারি বরাদ্দ অপ্রতুল: যুক্তরাজ্যে উন্নত নাগরিক জীবন অতিবাহিত করলেও দেশে ফিরে অনুন্নত নাগরিক জীবন কাটাতে হয় প্রবাসীদের। পৌরসভার মেয়র আবদুল মনাফ তাই কথা প্রসঙ্গে এ বিষয়ে বলেন, ‘আমার প্রায় পাঁচ বছরের দায়িত্ব পালনকালে আমি নাগরিক সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সরকারি বরাদ্দ অপ্রতুল এবং রাজস্ব আয় কম থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সমস্যাগুলো পুরোপুরি সমাধান করতে পারিনি।’ তিনি দাবি করেন, গত পাঁচ বছরে পৌরসভার উদ্যোগে রাস্তাঘাটসহ উল্লেখ করার মতো অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। পৌর শহরে বিদ্যুৎসমস্যা আর সড়কবাতি প্রসঙ্গে মেয়র বলেন, ‘৪১ কিলোমিটার দূরে সিলেটের বড়ইকান্দি থেকে সংযোগ আসায় এবং তারের ধারণক্ষমতা কমে যাওয়ায় এ উপজেলায় লো-ভোল্টেজ সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ইচ্ছা থাকলেও শহরে বৈদ্যুতিক সড়কবাতি লাগাতে পারিনি। এ সমস্যা নিরসনে জগন্নাথপুরে একটি বৈদ্যুতিক সাবস্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। এটি চালু হলেই লো-ভোল্টেজের সমস্যা দূর হবে।’