জগন্নাথপুরে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকট
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এতে বিদ্যালয় থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকেরা জানান, উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে (স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের) লেখাপড়ার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। শিক্ষক-সংকটের কারণে সরকারি বিদ্যালয়গুলোতে লেখাপড়া নেই বললেই চলে। অভিভাবকদের অভিযোগ, জিপিএ পদ্ধতি চালুর পর থেকে এখন পর্যন্ত স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের কোনো ছাত্র জিপিএ-৫ পায়নি। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত বছর একজন ছাত্রী জিপিএ-৫ পেলেও পাসের হার সন্তোষজনক নয়। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুকান্ত বিজয় চৌধুরী বলেন, ‘সরকারি বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবকদের অনেক প্রত্যাশা, কিন্তু আমরা দুটি সরকারি বিদ্যালয় নিয়ে হতাশ হয়েছি। গত কয়েক বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের আরও হতাশ করেছে।’ আরেক অভিভাবক শংকর রায় বলেন, ‘শিক্ষক-সংকটের দোহাই দিয়ে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। যে কারণে আমি আমার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলেকে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় থেকে আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ে নিয়ে ভর্তি করিয়েছি।’জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানন্দ সরকার জানান, বিদ্যালয়ে নয়জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন, যে কারণে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এবার পাসের হার ছিল ৪৯ শতাংশ। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘বিদ্যালয়ে দুই যুগ ধরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীর পদ শূন্য রয়েছে। ১১ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র তিনজন। ভালো ফলাফল কীভাবে সম্ভব? এর পরও পাসের হার ছিল ৫২ শতাংশ।’ জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দে বলেন, ‘আমরা অভিভাবকেরা আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে শঙ্কিত। দীর্ঘদিন ধরে সরকারি দুটি বিদ্যালয়ে শিক্ষক-সংকটের কথা জানিয়ে আসছি, কোনো কাজ হচ্ছে না। তাই আমরা বিদ্যালয়গুলোতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের কথা ভাবছি।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়গুলোর লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘সরকারি বিদ্যালয়ের ফলাফল দেখে আমরা বিস্মিত হয়েছি। বিদ্যালয়গুলোর লেখাপড়ার মানোন্নয়নে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ করার জন্য চেষ্টা করছি।’