জগন্নাথপুরে শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বি এন (ব্রজেন্দ্র নারায়ন) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রের চিকিৎসার সহায়তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী ও ওই ছাত্র ১২ আগস্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জয়ন্ত দাসের চোখের ছানিপড়া সমস্যা দেখা দিলে অপারেশন করার জন্য প্রায় ছয়-সাত মাস আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সহপাঠীর চিকিৎসার সহায়তায় জন্য নয় হাজার ১০০ টাকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলীমের কাছে তুলে দেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সহায়তার টাকা ছাত্রকে না দিয়ে আত্মসাৎ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছুরুক মিয়া বলেন, ‘নৈতিকতার কতটা অবক্ষয় হলে শিক্ষক ছাত্রের টাকা আত্মসাৎ করতে পারেন বিষয়টি জেনে আমরা মর্মাহত হয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভা ডেকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলীম টাকা আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া দুই হাজার টাকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে জমা আছে। চিকিৎসা করানোর সময় টাকা দেওয়া হবে বলে তাকে জানিয়েছি। একটি মহল বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’