জগন্নাথপুরে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাচাহানি গ্রামে একটি রাস্তা নিয়ে আজ শুক্রবার সকাল ১০টায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গ্রামের একটি রাস্তা নিয়ে গ্রামের হান্নান মিয়া ও তেরাব আলীর মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ হান্নান মিয়া রাস্তাটি তাঁর নিজের দাবি করে মাটি ভরাটের কাজ শুরু করেন। এতে প্রতিপক্ষের লোকজন সরকারি জায়গায় মাটি ভরাট করতে বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষে আফরুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।