জগন্নাথপুরে হাওরপারের কৃষকদের কান্না থামছে না
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার ও মইয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ১৫ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ায় কৃষকদের ক্ষোভ আর কান্না যেন থামছে না। গত মঙ্গলবার দুটি হাওর ঘুরে হাওরপারের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাঁদের আহাজারির কথা। নলুয়ার হাওরপারের বাসিন্দা উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের কৃষক মুজাহিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৮০ হাজার টাকা ঋণ নিয়ে আড়াই হাল জমি চাষাবাদ করেছিলাম। স্বপ্ন ছিল ফসল তুলে ঋণ পরিশোধ করে বড় মেয়েকে বিয়ে দেব। আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। এখন ১২ সদস্যের পরিবার-পরিজন নিয়ে কীভাবে সংসার চালাব, বুঝে উঠতে পারছি না।’ মুজাহিদ মিয়ার মতো শত শত কৃষকের এ রকম অনেক স্বপ্ন ভেঙে গেছে। তাঁদের ক্ষোভ, প্রতিবছর হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সরকারি বরাদ্দ আসে, কিন্তু বরাদ্দের টাকাগুলোর কাজ হয় না। একই এলাকার কৃষক আলী রব মিয়ার দাবি, সময়মতো হাওর রক্ষা বাঁধ সঠিকভাবে যদি তৈরি করা যায়, তাহলে ফসলহানির মতো ঘটনা হয়তো ঘটত না। উপজেলা হাওর উন্নয়ন পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথপুর উপজেলাবাসী একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। অনেক কষ্ট করে আর্থিক ব্যয় মিটিয়ে জমিতে চাষাবাদ করে ফসল ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে যাবে, এটা মেনে নেওয়া কতটা কষ্টকর তা বোঝানোর ভাষা আমাদের নেই। এর মধ্যে যদি কারও দুর্নীতি ও গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটে, তাহলে এ কষ্ট কীভাবে সহ্য করব।’ অনুসন্ধানে জানা যায়, উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়ন, কলকলিয়া ইউনিয়ন ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের কমপক্ষে ৪০টি গ্রামের এক লাখ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। বর্ষায় হাওরে মাছ ধরা, আর গ্রীষ্ম মৌসুমে বোরো আবাদ করাই তাঁদের কাজ। এ উপজেলার ছোট-বড় ১৮টি হাওরে এ বছর ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। আবাদকৃত ফসল রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৭৬ লাখ ৯৬ হাজার ৭৯ টাকা বরাদ্দ দেয়। সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহন কনস্ট্রাকশন এ কাজ পায়। ২৪ মার্চ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সরেজমিনে দেওয়া প্রতিবেদন অনুযায়ী সুনামগঞ্জের জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেন, পাউবো এ উপজেলায় ১৭টি স্পটে কোনো কাজ করেনি। এ ছাড়া মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে। উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান বজলুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নটি হাওরবেষ্টিত ইউনিয়ন, যে কারণে হাওরের বোরো ফসলের ওপর আমরা নির্ভরশীল। গোলা ভরা ধান আর নদী ভরা মাছেই চলে এই এলাকার মানুষের জীবনযাত্রা। হাওরে ধান উঠলেই এলাকার মানুষ স্বাবলম্বী আর না উঠলেই দরিদ্র। অকাল বন্যায় আমাদের যে ক্ষতি করেছে, কীভাবে খেয়ে-পরে বাঁচব বুঝতে পারছি না। আমাদের সম্পৃক্ততায় (পিআইসি) প্রথার মাধ্যমে কাজ করা হলে এ রকম দুর্নীতি হতো না।’ উপজেলা কৃষি অফিস দপ্তর সূত্র জানায়, এবার এই উপজেলায় ২৫ হাজার জমিতে বোরো আবাদ করা হয়েছিল। নলুয়ার ও মইয়ার হাওরের ১৫ হাজার হেক্টর বোরো তলিয়ে যাওয়ায় ঘটনায় ২০০ কোটি টাকার ফসলহানি ঘটেছে। এই ১৫ হাজার হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৭০ হাজার ৭২৮ মেট্রিক টন; যা এই উপজেলার জন্য এক বিরাট ক্ষতি।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, অকাল বন্যা ও পাহাড়ি ঢলে এই উপজেলার বড় দুটি হাওরের ফসলহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাওর রক্ষা বাঁধ নির্মাণকারী ঠিকাদারের বিরুদ্ধে বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসককে জানিয়েছি।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, কৃষির ওপর নির্ভরশীল হাওরপারের প্রায় এক লাখ কৃষক বোরো ফসল হারিয়ে আজ দিশেহারা। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘অকাল বন্যায় হাওর রক্ষা বেড়িবাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে আমি কাজ করে যাচ্ছি। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণে যারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভবিষ্যতে কৃষকদের অংশীদারির ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।’