জগন্নাথে খেলতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর পূর্ণ হবে ২০ অক্টোবর। এই পাঁচটি বছর নানা উৎসবের আয়োজনে সরব ছিল বিশ্ববিদ্যালয়টি। আবার কখনো শিক্ষার্থীদের নানা দাবিতে উত্তাল হয়েছে এর আঙিনা। সেশনজট, বেদখল হওয়া হল উদ্ধারে ব্যর্থতা আর ছাত্র সংগঠনের নানা কর্মসূচির গোলকধাঁধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাবরই হতাশ করেছে। হতাশার মধ্যে শান্তির বারতা হিসেবে আয়োজন হতে পারত প্রীতি খেলাধুলার। কিন্তু গত পাঁচ বছরে কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেনি কর্তৃপক্ষ। ভবনের ভেতরে বা বাইরে কিংবা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় নেই কোনো খেলার জায়গা। শিক্ষার্থীদের জন্য ধূপখোলা মাঠে আছে নামমাত্র খেলার ব্যবস্থা।ক্যাম্পাসে ঠাঁই নেই ক্রীড়ারবিজ্ঞান ভবনের কাছে বাস্কেটবল খেলার দুটি খুঁটি আছে, কিন্তু তাতে ‘বাস্কেট’-এর খোঁজ নেই। এর পাশেই ব্যাডমিন্টন খেলার কোট। কিন্তু সেখানে রাতে কখনোই কাউকে খেলতে দেখা যায় না। কারণ, রাতের আঁধারে বাতি জ্বেলে ব্যাডমিন্টন খেলার সুযোগ দেয় না কর্তৃপক্ষ। শীতের মৌসুমে দিনে শিক্ষার্থীরা শরীর গরম করতে এখানে ব্যাডমিন্টন খেলে বলে জানান রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান। সমাজবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আজমীর জানান, বিশ্ববিদ্যালয়ে বিকেল পাঁচটার পর ঢোকাই যায় না। কর্তৃপক্ষ ভেতরে না ঢোকার নির্দেশের নোটিশ গেটে টাঙিয়েছে। ফলে দ্বার রক্ষীরা বিকেলে হাঁটতে আসা কিংবা ক্রিকেট ব্যাট-বল হাতে খেলতে আসা শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয় না।সমাজবিজ্ঞান ভবন-২-এর পাশে রয়েছে একচিলতে খালি জায়গা। সেখানেই ক্রিকেট কিংবা ফুটবল কোনোমতে খেলেন শিক্ষার্থীরা। কখনো কখনো হইহল্লার মধ্যে জমে ওঠে খেলা। এমন সময় পার্কিং করা নিজ নিজ গাড়ির নিরাপত্তার কথা ভেবে অনেক শিক্ষকই শিক্ষার্থীদের খেলা বন্ধ করে দেন। অর্থনীতির শিক্ষার্থী সুবহান আহমেদ জানান, নতুন ভবন বানানোর পর ভবনটির ভূগর্ভস্থের তলায় সব ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার পরও শিক্ষকেরা নিজ নিজ বিভাগের কাছে গাড়ি পার্কিং করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থীরা খেলার আসর জমাতে পারছেন না।থেকেও নেই খোলা মাঠকর্তৃপক্ষ ধূপখোলা মাঠের একটি অংশকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে গণ্য করে। অথচ এই মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষুদ্র একটা অংশ নিয়মিত খেলতে পারছেন। অনেক শিক্ষার্থী জানেনই না, মাঠটি তাঁদের বিশ্ববিদ্যালয়ের সম্পদ। মাঠে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সংস্কারকাজ চালানো হয়নি। ধুলো আর কাদায় সেখানে খেলা মুশকিল। আবার আশপাশের এলাকার ছেলেদের দাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই সেখানে খেলার সুযোগ পান না। রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, মাঠটিতে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত রয়েছেন।প্রতিযোগিতায় অংশ নেইজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জটলার মধ্যমণি হয়েছিলেন আতিকুল ইসলাম। নানা অঙ্গভঙ্গিতে শারীরিক কসরত দেখানোয় মগ্ন তিনি। আতিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বডি বিল্ডিংয়ে জাতীয় পর্যায়ে মিস্টার বাংলাদেশ, মিস্টার ঢাকা আর স্বাধীনতা দিবস প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নিজ এলাকার একটি জিমনেশিয়ামের হয়ে। নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে লড়াই করতে পারলে খুশি হতেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেই কোনো জিমনেশিয়াম। তাই শ্রেণীকক্ষেই মাঝেমধ্যে বন্ধুবান্ধবের অনুরোধে শারীরিক কসরত করে দেখান। আতিকুল ইসলাম আরও জানান, একাধিকবার নিজ বিভাগ আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরও কোনো জিমনেশিয়ামের ব্যবস্থা করা যায়নি।আবার ইতিহাস বিভাগের সুচন্দা বড়াল জেলাভিত্তিক ক্যারম প্রতিযোগিতায় পরপর দুবার লড়েছেন। সেটা বছর চারেক আগের কথা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর ক্যারমচর্চায় ভাটা পড়ে। সুচন্দা বলেন, ‘ভর্তির সময় মনে একটা উদ্দীপনা কাজ করেছিল। রাজধানীর এই শিক্ষাঙ্গনে হয়তো ক্যারম খেলায় একটা ভালো অবস্থানে আসতে পারতাম। কিন্তু সেই সুযোগই এখানে নেই। ভর্তির পর পই পই করে খুঁজে একটিও ক্যারমবোর্ড পাইনি। অনুশীলনের অভাবে ক্যারমের প্রতি টান কমে গেছে। এখন আর ক্যারম খেলতে ভালো লাগে না।’পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে একটি দাবার ছক বা একটি ক্যারমের বোর্ড খুঁজে পাওয়া দায়। বিশ্ববিদ্যালয়টিতে ইনডোর খেলার জন্য নেই কোনো ঘর। অথচ প্রতি সেমিস্টারে ভর্তির সময় খেলাধুলার তহবিল বাবদ ২৫ টাকা করে জমা দিতে হয়।বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অংশগ্রহণ নেই। এমনকি আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায়ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে না।ক্রীড়া সংগঠনশূন্য ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়ের ক্যানটিনের ভবনটিতে নানা সংগঠনের সাইনবোর্ড ঝোলানো। এত সাইনবোর্ডের মধ্যে নেই কোনো খেলার সংগঠনের সাইনবোর্ড। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মারুফ আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখানে যদি খেলার জন্য একটি সংগঠন দাঁড় করানো যায়, তবে শিক্ষার্থীরা সহজেই যেকোনো খেলায় সংগঠিত হতে পারবেন। আবার সংগঠনের পক্ষে জোরালোভাবে খেলাধুলার প্রতি জোর দেওয়া যাবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলার সুযোগসুবিধা প্রসঙ্গে উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের দখলে ধূপখোলা মাঠটি রয়েছে। ছাত্ররা চাইলে সেখানে গিয়ে খেলতে পারে।উপাচার্য জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পরিকল্পনা চলছে। সেখানে খেলাধুলার সব ব্যবস্থা রাখা হবে। বর্তমান ক্যাম্পাসে আপাতত এমন কোনো পরিকল্পনা নেই।