জগন্নাথে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ শুক্রবার জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের কর্মীদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করেছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, ঘটনা তদন্ত করার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় দোষীদের বিচার চেয়ে আগামীকাল থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকেরা। ছাত্রলীগের কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দায়ীদের বিচার চেয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মবিরতি বিচার না পাওয়া পর্যন্ত জারি থাকবে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ও পরিসংখ্যান বিভাগের ছাত্র আরিফুর রহমান ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে ওই বিভাগের সভাপতি আশরাফ-উল-আলমের সঙ্গে দেখা করতে যান। আশরাফ দেখা করতে রাজি না হলে, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। বিভাগের অন্য শিক্ষকেরা এসে ছাত্রলীগের কর্মীদের বের হয়ে যেতে বললে তাঁরা শিক্ষকদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বেরিয়ে যান। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে বহিষ্কার করে। ঘটনার তদন্তের জন্য আইন অনুষদের ডিন সরকার আলী আককাসকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।তবে শুরুতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিল।