জগন্নাথে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৬ ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ছয় ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।বহিষ্কৃত ছাত্ররা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতাউল গণি, অর্থনীতি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সঞ্জীব বসাক ও ছাহিদুল হক, বাংলা বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শাহাদাত হোসেন ও মো. নুরুদ্দীন এবং দর্শন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ভূপতি কুমার রায়।এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকায় অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের হিরন কুমার রায়ের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে ছয় মাসের জন্য স্থগিত রাখা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের জোবায়ের হুসাইনকে এক সেমিস্টারের (ছয় মাসের) জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হয়।১ মে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষককে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপনাট্য ও বিতর্ক সম্পাদক জহির উদ্দিনের পক্ষের কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ মে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ২০ মে মানববন্ধন, ২৮ ও ২৯ মে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।